আল্লামা শফীর অবস্থার উন্নতি

আপডেট : ১১ মে ২০১৪, ২৩:১৪
হেফাজতে ইসলামের আমীর ও হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি রাজধানীর খিলগাঁও আল খিদমাহ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। আল্লামা শফী ডায়বেটিস, উচ্চ রক্তচাপ ও জ্বরে ভুগছেন। জানা যায়, রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মাদ্রাসায় খতমে বুখারি ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দিতে আল্লামা শফী শুক্রবার বিকালে চট্টগ্রাম থেকে বিমানযোগে ঢাকায় আসেন। শনিবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে খিলগাঁওয়ের আল খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। তিনি কথা বলতে পারছেন। হেফাজতে ইসলাম ও বিভিন্ন ইসলামী দলের পক্ষ থেকে আল্লামা শাহ আহমদ শফীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।