বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব বিলুপ্তির দাবি করেছেন। তিনি বলেছেন, দেশে র্যাবের কোনো প্রয়োজন নেই। বিএনপি শাসন ক্ষমতায় থাকা অবস্থায় দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশিক্ষিত বাহিনী র্যাব গঠন করা হয়েছিল। কিন্তু আমাদের গড়া সেই র্যাবকে বর্তমান সরকার বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে দমনের জন্য অপহরণ-খুনসহ নৃশংস কাজে ব্যবহার করছে। মানুষ খুনের জন্য র্যাবের আর প্রয়োজন নেই। অবিলম্বে ’র্যাব’কে বিলুপ্ত করতে হবে। তিনি বলেন, দেশে পুলিশ বাহিনী রয়েছে। পুলিশকে প্রশিক্ষণের মাধ্যমে সুশিক্ষিত করতে হবে।
গতকাল রবিবার রাতে রাজধানীর শাহীনবাগ এলাকায় নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় দলের নিখোঁজ ৮ নেতাকর্মীর স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে খালেদা জিয়া এসব কথা বলেন। এসময় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
প্রসঙ্গত, ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন গত বছরের ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘অপহূত’ হন।
খালেদা জিয়া এসময় বলেন, বর্তমান সরকার অবৈধ। তারা একের পর এক গুম-খুন করছে। র্যাবকে দিয়ে তারা এসব করছে। তাই অবিলম্বে এদেরকে বাতিল করা উচিত। এটা মানুষের দাবি। তিনি বলেন, যারা নিখোঁজ হয়েছে তাদের পরিবার এখনো মনে করেন তারা জীবিত আছেন। তাই সরকারের উচিত তাদেরকে (নিখোঁজদের) তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া। ফিরিয়ে দিতে তাদেরকে (র্যাবকে) নির্দেশ দেয়া। খালেদা জিয়া বলেন, সুমনসহ বিএনপি নেতাকর্মীদের যারা বাড়িতে এসে ধরে নিয়ে গেছে তাদের পরনে ছিল র্যাবের কালো পোশাক। এরা র্যাব-১ এর লোক। যেভাবে রাতের আঁধারে তাদের টেনেহেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে তা র্যাবের লোক ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। তিনি নিখোঁজ সুমনসহ অন্যদের ফিরিয়ে দেয়ার দাবি জানান। নইলে সরকার ও র্যাবের পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
