গল্প নয় সত্যি

অর্থই যখন মিথ্যার প্রধান কারণ!

আপডেট : ১২ মে ২০১৪, ২০:০০
নিজের প্রিয় মানুষটির কাছে কমবেশি অনেকেই মিথ্যা বলেন। কখনো হয়তো অকারণে আড্ডা দিয়ে বাড়ি ফিরতে দেরি হবার পর মিথ্যা করে কোনো কাজের কথা বলা আবার কখনো বা নানা বদভ্যাস অস্বীকার করার মতো মিথ্যা স্বামী-স্ত্রী’র সম্পর্কে প্রায়ই জায়গা করে নেয়। তবে মানুষ ঠিক কী কারণে তার স্বামী বা স্ত্রী’র কাছে সবচেয়ে বেশি মিথ্যা বলে এবার সেটাই খুঁজে দেখার চেষ্টা করেছে খরচাপাতি বিষয়ক একটি ওয়েবসাইট। কনফিউজড ডট কম নামের এই ওয়েবসাইটটি ব্রিটেনের একদল স্বামী-স্ত্রী’র ওপর চালানো এক গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে জানিয়েছে, মূলত টাকাপয়সার বিষয় নিয়েই স্বামী-স্ত্রী’র মধ্যে মিথ্যার চর্চা হয় বেশি। এক্ষেত্রে গবেষণায় অংশ নেওয়া প্রতি সাতজন বিবাহিত ব্যক্তির মধ্যে একজন স্বীকার করেছেন যে তিনি তার স্বামী বা স্ত্রীর কাছে ক্রেডিট কার্ডের বিল নিয়ে মিথ্যা বলা, বেতন কমিয়ে বলা বা কত টাকা খরচ করেছেন সে বিষয়ে তথ্য না দেওয়ার মতো মিথ্যার আশ্রয় নিয়েছেন। আর গড়ে যে পরিমাণ অর্থ নিয়ে মিথ্যা বলা হয় সেটি সাধারণত ৭১২ পাউন্ড বা প্রায় এক লক্ষ টাকার মতো। মজার বিষয় হলো জরিপে অংশ নেওয়ার মধ্যে শতকরা ৩১ ভাগ তাদের সত্যিকার বয়স প্রকাশ করতে পিছপা নন বলে জানিয়েছেন। এমনকি এর আগে কতজনের সাথে প্রেম করেছেন সেটিও সত্যি করে বলার সাহস দেখিয়েছেন শতকরা ২০ জন উত্তরদাতা। তবে এদের অধিকাংশই তাদের খরচাপাতির বিস্তারিত স্বামী-স্ত্রী’কে জানাতে চান না এবং দুই-তৃতীয়াংশ ব্রিটিশই তাদের সঙ্গী বা হবু সঙ্গীর কাছে এ বিষয়ে মিথ্যা বলার প্রবণতার কথা স্বীকার করেছেন। এমনকি হবু সঙ্গীর ঋণের কথা জানতে পারলে শতকরা ৩৪ ভাগ সঙ্গীর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন বলেও জানিয়েছেন।