‘আমরা সবসময় বুড়োদের নিয়েই ব্যস্ত থাকি’

আপডেট : ১২ মে ২০১৪, ২০:২৫
আমাদের দেশে শিশুদের নিয়ে অনুষ্ঠান হয়। বিভিন্ন টক শো হয়। কিন্তু আমাদের জাতির শক্তি যেই তরুণরা, তাদের নিয়ে কোনো অনুষ্ঠান নেই। সেই ভাবনা নিয়েই শুধুমাত্র তরুণদের নিয়ে তৈরি অনুষ্ঠানটির নাম ‘প্রজন্ম আগামী’। অনুষ্ঠানটি নিয়ে বিস্তারিত বলেছেন শহীদুল আলম সাচ্চু। তার সাথে কথা বলেছেন মোস্তাফিজ মিঠু তরুণদের নিয়ে ভিন্নধর্মী একটি অনুষ্ঠান করতে যাচ্ছেন, হঠাত্ এই পরিকল্পনা কেন? আমাদের দেশে শিশুদের নিয়ে অনুষ্ঠান হয়। বিভিন্ন টক শো হয়। কিন্তু আমাদের জাতির শক্তি যেই তরুণরা তাদের নিয়ে কোনো অনুষ্ঠান নেই। সেই জায়গা থেকেই এই পরিকল্পনা। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানটি করা হবে। এসব পারিপার্শ্বিকতা মাথায় রেখেই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানটির নাম ‘প্রজন্ম আগামী’। চ্যানেল আইতে প্রতি বুধবার প্রচারিত হবে। আমরা আসলে সবসময় বুড়ো-বুড়িদের কী পছন্দ তা নিয়ে ব্যস্ত থাকি। তরুণরা কী চায়, তাদের কি মেসেজ দেওয়া উচিত তা জানানোর উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। নাটকে তেমন দেখা যাচ্ছে না, কেন? এখন আর আগের মতো কেউ গল্প নিয়ে আসে না। আর যে কয়টা আসে এদের মাঝে পছন্দের চিত্রনাট্য খুব কম পাই। তাই নাটকের সংখ্যাটা কমে গেছে। একঘেয়ে কাজ করে তো আর লাভ নেই। যখন করি ভালো কাজটাই করার চেষ্টা করি। বড়পর্দার কাজে কী অবস্থা? এই মাসেও আমার তিনটি ছবি মুক্তি পাচ্ছে। বড়পর্দায় কাজ করছি প্রায় নিয়মিতই। আমাদের চলচ্চিত্রে এখন এক নতুন বাতাস বইছে। অনেক তরুণরা এসেছে। আর বড়পর্দায় কাজ ব্যাটে-বলে মিলে যায় তাই করা হয়। নাটক পরিচালনা করছেন, কিন্তু আপনার পরিচালনা বড়পর্দায় দর্শক কবে দেখতে পাবে? নাটক পরিচালনা কিন্তু আমি খুব বেশি করি না। দু-এক বছরে হয়তো একটা নাটক করি। আসলে কাজের ব্যাপারে কোনো ছাড় দিতে আমি নারাজ। তাই একগাদা কাজ করে দর্শককে বিরক্ত করতে চাই না। যখন কাজ করব একটু সময় নিয়েই করি। আর চলচ্চিত্র বানানো ইচ্ছা তো আছেই। বানাবো ইনশাল্লাহ। দর্শকদের একটু অপেক্ষা করতে হবে। কারণ এই মুহূর্তে প্রোগ্রাম নিয়ে বেশ ব্যস্ত আছি। দীর্ঘদিন ধরে টিভি নাটকের সাথে যুক্ত আছেন, এখনকার নাটকের অবস্থান নিয়ে কী বলবেন? নাটক তো দর্শক দেখছে না। টিভির বিজ্ঞাপনের জ্বালায় দর্শক এখন বিরক্ত। তাছাড়া এখন কাজে আন্তরিকতার অভাব আছে। শিল্পীরা-প্রযোজকরা পরিচালককে সহযোগিতা করে না। আবার চ্যানেলগুলো প্রযোজককে সহযোগিতা করে না। আর এখন কোনো চ্যানেলই নাটকের জন্য ভালো টাকা দিচ্ছে না। কিন্তু খরচ তো আর কমেনি। খরচ বেড়েছে আর চ্যানেলগুলো বাজেট কমিয়েছে। তাহলে ভালো নাটক কীভাবে হবে। এছাড়াও আমাদের শিল্পীর সংখ্যা বাড়াতে হবে। এই দিক থেকে চ্যানেলগুলোর উদ্যোগ নেওয়া জরুরি। সামনের কাজ আর ঈদের ব্যস্ততা নিয়ে বলুন? ঈদে কোনো নাটক আমি করি না। কারণ ঈদে দর্শক নাটক দেখে না। শুধু টাকার জন্য কাজ করে তো লাভ নেই। আর সামনে সংগীত নিয়ে নতুন এক অনুষ্ঠান করব। এটিও ভিন্ন ধারার প্রোগ্রাম।