বিবিসি মিডিয়া অ্যাকশনের নতুন ধারাবাহিক ‘উজান গাঙের নাইয়া’

আপডেট : ১২ মে ২০১৪, ২০:২৫
গত ১১ মে থেকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক ‘উজান গাঙের নাইয়া’। বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত পারিবারিক বিনোদনমূলক এ নাটকটি প্রচারিত হবে প্রতি রবিবার রাত ৮টা ৩০ মিনিটে এবং এটি পুনঃপ্রচারিত হবে বৃহস্পতিবার সকাল ৮টা ৩৫ মিনিটে। দুই ভাইয়ের সাথে বিয়ে হওয়া দুই বোন, জেসমিন আর আনিকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ নাটকের কাহিনী। একজন স্ত্রী এবং পুত্রবধূর ভূমিকায় থেকে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ক্রমাগত সংগ্রাম চালিয়ে যায় ষোলো বছরের আনিকা। আর তার এই কাহিনীর মধ্য দিয়েই বাল্য বিবাহ ও গর্ভকালীন সময়ের বিভিন্ন পরিস্থিতি উঠে এসেছে। নদীর পাড়ে অবস্থিত একটি গ্রামের পটভূমিতে নির্মিত এই নাটকে বেশ কিছু শক্তিশালী ও বাস্তবমুখী চরিত্রের মধ্য দিয়ে মূলত ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের সাধারণ পরিবারগুলোর গল্পকেই। গিয়াসউদ্দিন সেলিমসহ কয়েকজন লেখকের তৈরি চিত্রনাট্যে ‘উজান গাঙের নাইয়া’র প্রথম সিরিজের ষোলোটি পর্বের নির্দেশনা দিয়েছেন গিয়াসউদ্দিন সেলিম ও বাশার জর্জিস। নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, অর্চিতা স্পর্শিয়া, কাজী নওশাবা আহমেদ, শ্যামল মওলা, শাহেদ আলী, মোমেনা চৌধুরীসহ আরও অনেকে।