টানা তিনদিন ডিএসইতে দরপতন

আপডেট : ১২ মে ২০১৪, ২০:৪২
শেয়ারবাজারে টানা তিনদিন ধরে দরপতন হচ্ছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। একইসঙ্গে তিন দিন ধরে লেনদেনও হচ্ছে চারশ’ কোটি টাকার নিচে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ১৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৫ কোটি ৫৬ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্র আরও জানিয়েছে, দীর্ঘ সাড়ে চার বছর পর আগামীকাল বুধবার থেকে দেশের উভয় পুঁজিবাজারে ওয়াটা কেমিক্যালের শেয়ার লেনদেন হবে। স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ‘এ’ ক্যাটাগরির অধীনে এ শেয়ারে লেনদেন হবে। ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) সর্বশেষ দর অনুযায়ী ডিএসইতে এ শেয়ারের প্রাথমিক দর হবে ৪৯ দশমিক ৫০ টাকা। আর সিএসইতে প্রাথমিক দর হবে ৫০ টাকা। এদিকে আরগন ডেনিমসের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির নিরীক্ষক প্রতিবেদনে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। অভিযোগ প্রসঙ্গে গতকাল ডিএসই জানিয়েছে, কোম্পানির নিরীক্ষক ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত নিরীক্ষা প্রতিবেদনে আইপিও তহবিল ব্যবহারের ওপর দেওয়া নোটে বলা হয় প্রসপেক্টাসে অনুল্লিখিত আইপিও তহবিল থেকে স্বল্পমেয়াদি ঋণ অতিরিক্ত সমন্বয়ের বিষয়টি লক্ষ্য করা গেছে। আইপিও-সংক্রান্ত অতিরিক্ত খরচ পরিশোধের বিষয়টিও লক্ষ্য করা হয়েছে। স্বল্পমেয়াদি ঋণের বিপরীতে আইপিও তহবিল থেকে দায় সমন্বয়ের বিষয়টি প্রসপেক্টাসে উল্লেখ করা হয়নি। প্রকল্প সমপ্রসারণের লক্ষ্যে নির্মাণসামগ্রী কেনার ক্ষেত্রে বিভিন্ন সরবরাহকারী ও ঠিকাদারকে চেকের পরিবর্তে আইপিও তহবিল থেকে নগদ পরিশোধ করা হয়েছে।