নাইজেরিয়ার অপহূত ছাত্রীদের অবস্থান জানা গেছে :গভর্নর

আপডেট : ১২ মে ২০১৪, ২০:৫৮
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নো থেকে অপহূত দু’শ’র বেশি স্কুলছাত্রীকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে তথ্য রয়েছে বলে প্রদেশটির গভর্নর জানিয়েছেন। গত রবিবার তিনি এ খবর জানিয়েছেন। গভর্নর কাশিম সেট্টিমা জানিয়েছেন, সত্যতা যাচাইয়ের জন্য প্রাপ্ত তথ্যের বিস্তারিত দেশটির সেনাবাহিনীকে পাঠানো হয়েছে। সেনা কর্তৃপক্ষ এখন সেসব তথ্য যাচাই করে নিখোঁজ ছাত্রীদের অবস্থানের জায়গাটি খুঁজে বের করবেন। সেট্টিমা জানিয়েছেন, তিনি মনে করেন যে অপহূত স্কুলছাত্রীদের নিয়ে বোকো হারাম এখনো দেশটির ভেতরেই অবস্থান করছে। অপহূত ছাত্রীদেরকে এখনো প্রতিবেশী দেশ চাদ বা ক্যামেরুনে পাচার করা হয়নি বলেই তার ধারণা। গতমাসে নাইজেরিয়ায় দু’শ’র বেশি স্কুলছাত্রী অপহূত হবার প্রেক্ষাপটে শনিবার রাতে উদ্ধার অভিযানে যোগ দিয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।