বেলুন দুর্ঘটনায় নিহত-২
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে পর্যটকবাহী বেলুন বিধ্বস্ত হয়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাতে বিদ্যুত্বাহী একটি তারের সঙ্গে ধাক্কা লেগে বেলুনটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে বিধ্বস্ত হয়। শনিবার উদ্ধারকারীরা দ্বিতীয় মৃতদেহটি উদ্ধার করে বলে জানিয়েছে ভার্জিনিয়া রাজ্য পুলিশ। বেলুন আরোহী তৃতীয় আরেকজনের খোঁজে শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি চলছিল। রিচমন্ড থেকে ৪০ কি.মি. দূরে ডসওয়েলে এ দুর্ঘটনা ঘটে। ঐ এলাকার একটি বেলুন উত্সবের আগে শোচনীয় এ ঘটনাটি ঘটলো। —এনডিটিভি
নির্বাচনের বিজয় উত্সর্গ
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এ সপ্তাহের নির্বাচনে তার দল এএনসির বিপুল বিজয় প্রয়াত মুক্তিকামী নেতা নেলসন ম্যান্ডেলার প্রতি উত্সর্গ করেছেন। জুমা শনিবার ম্যান্ডেলার গোত্র নাম ব্যবহার করে বলেন, ‘আমরা আমাদের বিজয় মাদিবার স্মৃতির প্রতি উত্সর্গ করছি এবং তাঁর, তাঁর সহপাঠী ও পূর্বসূরীদের উত্তরাধিকার সামনে এগিয়ে নেয়ার অঙ্গীকার করছি।’ নির্বাচনে ক্ষমতাসীন দল এএনসি ৪০০ আসনের পার্লামেন্টে ২৪৯ আসন লাভ করে। -এএফপি
উট থেকে সাবধান
সৌদি আরবে মার্স ভাইরাসের সংক্রমণ রোধে নাগরিকদেরকে উটের কাছাকাছি যাওয়ার সময় মাস্ক ও গ্লাভস ব্যবহারের পরামর্শ দিয়েছে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া উটের কাছে না যাওয়া এবং সেখানে গেলেও পরে ভালোভাবে হাত ধুয়ে নেয়ার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এছাড়া উটের দুধ ও মাংস সঠিক তাপমাত্রায় সিদ্ধ করে খাওয়ার পরামর্শও দিয়েছে মন্ত্রণালয়। সৌদি আরবে মার্স ভাইরাসে এ পর্যন্ত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। —বিবিসি
