জেবুন্নেছার মনোনয়ন জমা

আপডেট : ১২ মে ২০১৪, ২১:১৯
বরিশাল সদর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেবুন্নেছা আফরোজের মনোনয়নপত্র গত রবিবার দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। মনোনয়নপত্র জমা প্রদানের পূর্বে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন জেবুন্নেছা আফরোজকে নির্বাচিত করার দায়িত্ব বরিশালবাসীর। এ মহানগরীকে যে ঢেলে সাজিয়ে ছিলেন সেই শওকত হোসেন হিরন আজ বেঁচে নেই। আপনারা হিরনকে ভালোবাসেন বলে তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন প্রয়াত হিরনের স্ত্রী জেবুন্নেছা আফরোজকে মনোনয়ন প্রদানের জন্য। প্রধানমন্ত্রী তৃণমূল গণমানুষের নেত্রী। তিনি আপনাদের দাবির মূল্যায়ন করেছেন। এখন প্রধানমন্ত্রীর প্রতি ও প্রয়াত সংসদ সদস্য হিরনের প্রতি সম্মান দেখানোর দায়িত্ব আপনাদের। সভাপতির বক্তৃতায় আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেন, আমাদের একত্রিত হয়ে হিরনের স্মৃতি ধরে রাখতে তার স্ত্রীকে নির্বাচিত করতে হবে। সমাবেশের প্রধান বক্তা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেবুন্নেছা আফরোজ কান্না বিজরিত কণ্ঠে বলেন, আমি এখানে আসতে চাইনি। হিরন অকালে আমাদের ছেড়ে গেছে। তার লালিত স্বপ্ন পূরণের জন্যই আমি এখানে দাঁড়িয়েছি। আমি আপনাদেরই লোক। হিরনের প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা আছে তার প্রতি সম্মান রেখেই যাতে আমি চলতে পারি সে জন্য আপনারা দোয়া করবেন।