আমরা বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চালু করা এসএসসি ভোকেশনাল শাখায় কর্মরত এমপিওভুক্ত টেকনিক্যাল শপ/ল্যাব অ্যাসিসটেন্ট সরকার কর্তৃক প্রদেয় বেতনভাতা নিয়মিত পেয়ে আসছি। ২০০৯ সালে সরকার কর্তৃক প্রদেয় পেস্কেলে ঘোষিত বেতন কাঠামোতে সর্বনিম্ন ২০০০ টাকা বাড়বে। যদি কারো ২০০০ টাকার কম বাড়ে তবে তা পূরণ করে দেওয়া হবে। আমাদের ক্ষেত্রেও বর্ধিত অংশের টাকা পূরণ করে দেওয়া হয়েছে। কিন্তু বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সাধারণ শাখায় কর্মরত ৩য় শ্রেণি কর্মচারীদের ক্ষেত্রে বর্ধিত অংশের টাকা এমপিও শিটে বেসিকের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। অন্যদিকে ভোকেশনাল শাখার এমপিও শিটে বর্ধিত অংশের টাকা বেসিকের সঙ্গে যুক্ত না হয়ে মোটের সঙ্গে যুক্ত করা হয়েছে। যে কারণে উভয় শাখার এমপিও শিটে তারতম্য দেখা দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমরা কর্মক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা ও বিব্রতকর পরিস্থিতির মধ্যে দিন যাপন করছি, যা সংশোধন করা প্রয়োজন। এমপিও শিট সংশোধন করে দিলে আমরা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা ও বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্ত হতে পারি এবং এই সংশোধন করার ক্ষেত্রে সরকারের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হবে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রবিউল কামাল,
শপ অ্যাসিসটেন্ট, গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর, গাজীপুর
