বানারীপাড়ায় যৌতুকের দাবিতে দুই শিশু কন্যা সন্তানের জননী আসমা নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মম নির্যাতন করার অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার নির্যাতিতা আসমা বাদী হয়ে স্বামী মিজানুর রহমান, শ্বশুর সোহরাব হোসেন,শাশুড়ী সালেহা বেগম, দেবর মাসুম ও হাসানকে আসামি করে বানারীপাড়া থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। উপজেলার বাইশারী গ্রামের ইউসুফ খানের মেয়ে আসমার সঙ্গে ৭ বছর পূর্বে ব্রাহ্মণকাঠি গ্রামের সোহরাব হোসেনের ছেলে মিজানের সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে ঘর উত্তোলনসহ বিভিন্ন অজুহাতে আসমার পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে মিজান। সামপ্রতিক সময়ে সে আসমার কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করলে ৩০ হাজার টাকা দেয় ইউসুফ খান। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে তাকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে ঘরে আটকে রাখা হয়। রবিবার বিষয়টি জেনে আসমার বাবা সোহরাব ও মা শেফালী বেগম মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে আসমার শ্বশুর বাড়িতে গেলে মিজানের পরিবারের লোকজন তাদের ওপর হামলা চালায়। পুলিশ খবর পেয়ে আসমা,তার বাবা ও মাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওসির দায়িত্বে থাকা এস আই মোতালেব জমাদ্দার জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
