র্যাবের ভুল-ত্রুটি থাকতেই পারে

আপডেট : ১২ মে ২০১৪, ২৩:১৩
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িতরা কেউ রেহাই পাবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র সফররত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এ ঘটনায় র্যাবের বিরুদ্ধেও অভিযোগ এসেছে এবং সরকার ইতিমধ্যে অ্যাকশনও শুরু করেছে। সমালোচনার পাশাপাশি র্যাবের প্রশংসা করে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব অনেক ভালো কাজ করছে। তবে তাদের ভুলত্রুটি থাকতেই পারে। স্থানীয় সময় রবিবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র সফররত আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার। সঞ্চালক ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান। বক্তব্য দেন নজমুল ইসলাম, লুত্ফুল করিম, আইরিন পারভিন প্রমুখ। মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ কখনো হত্যা সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। বরং বিএনপি আমলে কোনো খুন-গুমেরই বিচার হয়নি। এ প্রসঙ্গে পুরান ঢাকার বিশ্বজিত্ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা-কর্মীদের মৃত্যুদণ্ড হওয়ার কথা উল্লেখ করে নাসিম বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনারও বিচার হবে। নারায়ণগঞ্জের ঘটনায় র্যাবের জড়িত থাকা প্রসঙ্গে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি র্যাব সৃষ্টি করেছিল। এই বাহিনীর অপব্যবহার করেছিল তারাই। বরং আওয়ামী লীগ র্যাবকে ভালো কাজে ব্যবহার করেছে। তবে এ বাহিনীর কেউ অপরাধ করলে শাস্তিও দেওয়া হচ্ছে।