সচিব খোন্দকার শওকত হোসেনকে দুদকে তলব

আপডেট : ১২ মে ২০১৪, ২৩:১৪
প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব (বর্তমানে প্রবাসীকল্যাণ সচিব) ড. খোন্দকার শওকত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় এ বিষয়ে শওকত হোসেনকে নোটিস পাঠিয়েছেন। নোটিসে আগামী ২০ মে সকাল ১০টায় তাকে সশরীরে দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। সূত্র জানায়, শওকত হোসেনের বিরুদ্ধে স্ত্রী, মা ও নিজের নামে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত ২২ এপ্রিল রাজধানীর মতিঝিল থানায় পৃথক তিনটি মামলা করে দুদক। মামলাগুলোতে ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় (অবৈধ উপায়ে আর্থিকভাবে লাভবান হওয়ার অপরাধ) অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারগুলোতে বলা হয়েছে, শওকত হোসেন ২০০১ সালের দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব থাকাকালীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের প্রভাবিত করে নিজের, মা ও স্ত্রীর নামে অবৈধভাবে প্লট বরাদ্দ করিয়ে নেন। শুধু তাই নয়, নিয়ম না থাকা সত্ত্বেও তিনি রাজউক থেকে প্রাপ্ত প্লটের আয়তন বৃদ্ধি করেন।