বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে আবারও কথা বললেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি বলেছেন, জিয়াকে কে হত্যা করেছে তা আমি জানি, সবাই জানে। জিয়াকে হত্যার পর হত্যাকারী প্রকাশ্যে ঘোষণা করেছিল যে-সে জিয়াকে হত্যা করেছে। গত শনিবার এ বিষয়ে আমি আমার বক্তব্যে কারো নাম উল্লেখ করিনি। তারপরও বি. চৌধুরী (অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী) কেন এটাকে ব্যক্তিগতভাবে নিলেন, কেন তিনি প্রতিক্রিয়া দেখালেন, বুঝলাম না। আমার শিক্ষা তেমন নয়।
জাসদ ছাত্রলীগের (রব) সভাপতি-সাধারণ সম্পাদকসহ কিছু কর্মীর জাতীয় ছাত্রসমাজে যোগদান উপলক্ষে গতকাল সোমবার এরশাদ তার বনানী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রসঙ্গত, গত শনিবার এক বক্তব্যে এরশাদ বলেছিলেন ‘জিয়ার খুনি কে তা আমি জানি। জিয়ার হত্যার সময় তার পাশের কক্ষে কে ছিলেন। খালেদা জিয়া তার সঙ্গে ২০ বছর রাজনীতি করলেন, কিন্তু তিনি তার বিচার করেননি।’ এরশাদের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রবিবার এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি. চৌধুরী বলেন, ‘এরশাদ একজন প্যাথলজিক্যাল মিথ্যাবাদী’।
মঞ্জুর হত্যা মামলা প্রসঙ্গে এরশাদ বলেন, হেয় করতে আমাকে এই মামলায় আসামি করা হয়েছে। মঞ্জুর হত্যা মামলার পুরোটিই দুরভিসন্ধিমূলক। তিনি বলেন, জাপা অচিরেই বিএনপিকে ছাড়িয়ে যাবে। আমরা খুব দ্রুত বিএনপিকে রিপ্লেস করব। বিএনপি রাজনীতিতে নেই, তাদের ভবিষ্যত্ নেই। আমাদের ভবিষ্যত্ উজ্জ্বল।
নারায়ণগঞ্জের সাত খুনের প্রসঙ্গ উল্লেখ করে এরশাদ বলেন, নূর হোসেনের বাসস্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হয়েছে। এটা কি পুলিশের অজান্তে এসেছে! পুলিশ সব জানতো, কিন্তু তাকে ছোঁয়ার ক্ষমতা নেই পুলিশের। পত্রিকায় এসেছে, একজন পুলিশ সুপারও নাকি (এসপি) ‘ইয়াবা সম্রাট’ নামে পরিচিত। তিনি বলেন, সরকারের দায়িত্ব এগুলো দেখার। কিন্তু সরকার দেখছে না। অপরাধীদের ফাঁসি দিয়ে অপরাধ বন্ধ করে জনগণকে রক্ষ?া করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান ।
জাতীয় ছাত্রসমাজ সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া ও জাপার ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ ভাসানী প্রমুখ।
