বাজেটে নতুন সড়ক নির্মাণে বরাদ্দ থাকবে না

আপডেট : ১২ মে ২০১৪, ২৩:১৬
আগামী বাজেটে নতুন সড়ক নির্মাণে বরাদ্দ দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, অনেক সড়ক নির্মাণ হয়েছে। কিন্তু সেভাবে মানসম্মত সড়ক হয়নি। আগামী বাজেটে বিদ্যমান সড়কের গুণগতমান উন্নয়ন করা হবে। এ কারণে সড়কের ব্যবস্থাপনা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল এনইসি সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনা শেষে তিনি আরো বলেন, প্রতি কিলোমিটার সড়ক নির্মাণের যে বরাদ্দ দেওয়া হয় তা খুবই কম। বাজেটে এ বরাদ্দ বাড়ানো হবে। এর মাধ্যমে আগামী ৫ বছর বা ১০ বছরের পরিকল্পনা নিয়ে সড়কগুলোর মানোন্নয়ন করা হবে। সভায় সচিবরা সরকারের মেগা প্রকল্প মধ্যমেয়াদী বাজেট কাঠামোর (এমটিবিএফ) বাইরে রাখার প্রস্তাব করেন। তারা প্রকল্প বাস্তবায়ন দ্রুত করতে আলাদা বরাদ্দেরও দাবি জানান। এ সম্পর্কে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করতেই অনেক সময় লেগে যায়। এ সময় কমিয়ে আনারও প্রস্তাব দিয়েছেন সচিবরা। অর্থমন্ত্রী জানান, সরকারি অফিসগুলোতে কাজের পরিবেশ আরো কার্যকর করতে উদ্যোগ নেওয়া হবে। কক্ষ বিশিষ্ট অফিস না রেখে সরকারি কর্মকর্তাদের নির্দিষ্ট স্থানে এক সঙ্গে বসার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। অফিসের কার্যকারিতা বাড়াতে এ ব্যবস্থায় সচিবদের সম্মতি আছে। এর মাধ্যমে স্থান সংকট দূর হবে। পিপিপি (সরকারি বেসরকারি অংশীদারিত্ব) প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, পিপিপিতে কার্যকর কিছু হয়নি। কার্যকর না হওয়ার কারণ বের করতে একজন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ওপর থেকে হুকুম দিয়ে নয় স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে জেলা ও বিভাগীয় পর্যায়ে মতামত নিয়ে বাজেট বাস্তবায়ন করতে হবে। জেলা বাজেট জেলা থেকে তৈরি করে পাঠাতে বলা হবে। বিদ্যালয়ের এমপিওভুক্তি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এমপিও অকার্যকর একটি ব্যবস্থা। এর মাধ্যমে শুধুমাত্র স্কুলের শিক্ষকরা সুবিধা পাচ্ছেন। আগামী এমপিও ব্যবস্থায় স্কুলের অবকাঠামো, শ্রেণী কক্ষ, শিক্ষার মান, শিক্ষকদের যোগ্যতা প্রভৃতি বিষয় বিবেচনায় এনে আর্থিক বরাদ্দ দেওয়া হবে। তবে আসন্ন বাজেটে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে জানান তিনি।