আদিম গুহাবাসী থেকে এই একবিংশ শতাব্দী পর্যন্ত মানুষ জানতে চেয়েছে অজানাকে। তারা জ্ঞান অন্বেষণ করেছে প্রকৃতির কাছে, বইয়ের পাতায়। বইয়ের বিচিত্র জগত যদি কখনো জীবন্ত দেখার সুযোগ আসে তাহলে কে হারাতে চায় সেটা। অনেকটা হঠাত্ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পেয়ে গেল রূপগঞ্জে বাপেক্স পরিচালিত গ্যাস ড্রিলিং প্রকল্প ঘুরে দেখার সুযোগ। যেখানে বাপেক্স, গ্যাস অনুসন্ধানের জন্য ড্রিলিং করছে। ভূতত্ত্বের শিক্ষার্থীদের কাছে চাক্ষুস ড্রিলিং দেখা অনেকটা স্বপ্ন পূরণের সমান। স্বপ্ন আর বাস্তবতার মেল বন্ধন ঘটাতে তাই ৩ মে ভোরে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম আমরা ৫০ জন শিক্ষক-শিক্ষার্থীর একটি দল। বেলা হবার আগেই পৌঁছালাম লালচে মাটির রূপগঞ্জে। যাত্রা পথে হৈ-হুল্লোড়, আড্ডা। রূপগঞ্জ ড্রিলিং প্রকল্পে পা রাখতেই আমাদের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটল। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম, মাটি থেকে ১৩০ ফুট উঁচুতে উঠে যাওয়া ড্রিলরিগের দিকে। দেশের সেরা ভূতত্ত্ববিদরা কাজ করছেন ওখানে, তাদের অধীনে চারটি গ্রুপে ভাগ হয়ে ঘুরে ঘুরে দেখে ফেললাম পুরো প্রকল্পটা। জানতে পারলাম মাড লগ ইউনিট, ড্রিলিং ইউনিট, সিমেন্টিং ইউনিট, মাড ল্যাব সম্পর্কে। এগুলো শুধুমাত্র ছোট একটা নাম নয়, প্রত্যেকটা এক একটা প্রতিষ্ঠান। ড্রিলরিগের বিভিন্ন অংশের নামগুলো খুব মজার। যেমন ফোরম্যানের রুমকে বলে ডগ হাউস। অতীতে ফোরম্যানরা নাকি কুকুরের মতন খাটিয়ে মারত সাধারণ শ্রমিকদের। তাই শ্রমিকরা ফোরম্যানের রুমকে বলা শুরু করলো ডগ হাউস। তেমনি রিগের একদম উপরের অংশ মাংকি কেজ। যে পথে ক্যাসিং পাইপ টানা হয় তাকে বলে ক্যাটওয়াক। ড্রিলবিট মাটি কাটে। ড্রিলবিট দিয়ে সজোরে মাটিতে আঘাত করে ড্রিল করা হয়। ড্রিলবিট সাধারণত খাঁটি হীরার তৈরি। মাড ফ্লুয়িড কেটে ফেলা মাটিকে উপরে তুলে আনে। এভাবে মাটির নিচে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত ড্রিল করা সম্ভব। একটানা কম্পিউটারে ড্রিল মনিটর করে ভূতত্ত্ববিদেরা গ্যাস বা তেলের উপস্থিতি সম্পর্কে ধারণা পান। স্নাতকোত্তরের শিক্ষার্থী আবু নাহিয়ানের কাছে সংক্ষিপ্ত এই সফরটি তার ভূতত্ত্ব জীবনের সব থেকে বড় প্রাপ্তি। সদ্য সম্মান শেষ করা বাপ্পির মতে, ভূতত্ত্ব পৃথিবীর সব থেকে রোমাঞ্চকর বিষয়। পৃথিবী বা বহির্বিশ্ব সম্পর্কে জানার জন্য ভূতত্ত্বের অবদান অনস্বীকার্য। শেষ বিকালে ফিরে আসার সময় সবার মনে একটাই প্রতিজ্ঞা বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করবো আমাদের দেশের পেট্রোলিয়াম খাতকে।
