কাভার ডিজাইন আর গানের পাশাপাশি বৃহান সম্প্রতি বেশ কিছু মিউজিক ভিডিও নির্মাণের কাজও শুরু করেছেন। আর অডিও বাজারের এই মহামন্দার অবস্থায় শিল্পীদের নতুন অ্যালবামের চেয়ে নতুন গানের ভিডিওর খবরেই যেন বেশি আসতে হয়। নিজের আইডিয়া আর ভালোলাগা থেকে সম্প্রতি নবাগত শিল্পী লিমন ও ফাহমিদার গাওয়া একটি দ্বৈত গানের ভিডিওর কাজ শেষ করলেন। নতুন এই ভিডিও টাইটেল ‘অনুরাগ’। শবনম ফারিয়া ও দীপন নামের দুই মডেল এতে অভিনয় করেছেন। রাঙামাটি রিসোর্ট ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে এটি চিত্রায়ন করা হয়েছে। নতুন এই ভিডিও প্রসঙ্গে বৃহান বলেন, ‘নিজের ভালোলাগা থেকেই এ ধরনের কাজ করছি। চেষ্টা করেছি ভিন্ন কিছু দিতে নান্দনিকতার ভেতরে থেকেই শিল্পী ও মডেলদের ব্যবহার করে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
