শিল্পী এমএ কাইয়ুমের চিত্রপ্রদর্শনী ১৭ মে থেকে কিশোরগঞ্জে

আপডেট : ১৩ মে ২০১৪, ২০:৫৫
বিশিষ্ট চিত্রশিল্পী ও লোকশিল্প গবেষক এম এ কাইয়ুমের একক চিত্রকর্ম প্রদর্শনী আগামী ১৭ মে কিশোরগঞ্জে শুরু হচ্ছে। স্থানীয় প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে ওই দিন বিকেলে এর উদ্বোধন করবেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান। প্রদর্শনী চলবে ১৯ মে পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। জলরং, তেলরং ও কালি-কলম মাধ্যমে শিল্পীর আঁকা ৪২টি চিত্রকর্ম এবং ১২টি ব্রত আলপনা প্রদর্শনীতে স্থান পাচ্ছে। অন্তর্মুখী ও নিভৃতচারী এ শিল্পীর নিজ জেলা শহরে এটি তার দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী।