এক বালিকা বিদ্যালয়ে দুই প্রধান শিক্ষক

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:১৩
জয়পুরহাটের পাঁচবিবি নছির মন্ডল (এন.এম) সরকারি বালিকা বিদ্যালয়ের জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে বহালের আদেশ পেলেও সহকারী শিক্ষক আব্দুর রহিম উক্ত আদেশ অমান্য করে বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) সাখাওয়াত হোসেন বিশ্বাস পাঁচবিবি নছির মন্ডল (এন.এম) সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান/সহকারী প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করেন। কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলামকে দায়িত্ব বুঝে না দিয়ে রহস্যজনকভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, আমিনুল ইসলাম ভুঁয়া তথ্য দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আদেশপত্র নিয়ে এসেছিলেন। রাজশাহীর উপ-পরিচালকের তদন্তে তা বাতিল হয়েছে এবং আমাকে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে।