হিলি বন্দরে আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:১৪
হয়রানির প্রতিবাদে আমদানি-রপ্তানি বন্ধ রেখে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিজিবি’র বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকরা। এ সময় শতাধিক পণ্যবাহী ট্রাক ভারতের সীমানায় আটকা পড়ে। প্রতিবাদ সভায় বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, আমদানিকৃত পণ্যের চালানে বিজিবি’র স্বাক্ষরসহ সিলমোহর দেয়া ও ব্যবসায়ীদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং বৈধ পণ্য আটক করে হয়রানিমূলক মামলা দিচ্ছে বিজিবি। ব্যবসায়ীদের মান-মর্যাদা রক্ষাসহ ঝামেলামুক্ত ব্যবসার পরিবেশ সৃষ্টির জন্য তাঁরা আন্দোলনে নেমেছেন। দাবি পূরণ না হলে আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।