পাওনা টাকা চাওয়ায় গৌরনদীতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ১৩ মে ২০১৪, ২২:৩৩
গৌরনদীতে পাওনা টাকা চাওয়ায় গত সোমবার দুপুরে এমদাদুল হক খান (২৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসী রুবেল সরদার ও তার সহযোগীরা। এ ঘটনায় গতকাল মঙ্গলবার গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, একত্রে কাঠের ব্যবসার কথা বলে বছরখানেক আগে এমদাদুলের কাছ থেকে ৫০ হাজার টাকা নেয় রুবেল। কিন্তু ওই টাকা ব্যবসায় বিনিয়োগ না করে রুবেল তার ব্যক্তিগত কাজে ব্যয় করে। এ নিয়ে দীর্ঘদিন ধরে রুবেল ও এমদাদুলের মধ্যে বিরোধ চলছিল। টাকা চাওয়ায় গত সোমবার দুপুরে গৌরনদী পৌরসভার সামনে রুবেল ও তার সহযোগীরা এমদাদুলকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় এমদাদুলের বাবা মো. আলাউদ্দিন খান বাদী হয়ে গতকাল বিকালে রুবেল ও তার সহযোগীদের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, রুবেল এলাকার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে এলাকায় ছিনতাই, শিশু ধর্ষণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।