আজ কথাসাহিত্যিক শওকত ওসমানের মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৩ মে ২০১৪, ২২:৩৩
আজ বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক শওকত ওসমানের (১৯১৭-১৯৯৮) ১৬তম মৃত্যুবার্ষিকী। সামপ্রদায়িকতা ও মৌলবাদবিরোধী এই লেখক আজন্ম শোষকের বিরুদ্ধে তার লেখনী অব্যাহত রেখেছিলেন। ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলী জেলার সবলসিংহপুর গ্রামে তার জন্ম। ১৯৯৮ সালের ১৪ মে তার মৃত্যু হয়। তার পিতৃপ্রদত্ত নাম শেখ আজিজুর রহমান কিন্তু সাহিত্য নামের আড়ালে তা ঢাকা পড়ে যায়। তার রচিত ‘ক্রীতদাসের হাসি’ সর্বকালে স্বৈরশাসকের বিরুদ্ধে গণজাগরণের দিশারী। একই সাথে তার বহুল আলোচিত ‘জননী’ উপন্যাসটি ইংরেজিতে অনূদিত হয়ে বিশ্বসাহিত্যে স্থান করে নিয়েছে। জননী উপন্যাসে সামাজিক জীবন আর ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের অন্ধকার দিক তুলে ধরেন তিনি। প্রাচীন কাহিনী অবলম্বনে রূপকের মাধ্যমে লেখক সমকালীন রাজনীতিতে স্বৈরাচারী চরিত্র ও নিপীড়নের চিত্র তুলে ধরেছেন। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নেকড়ে অরণ্য গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নর-নারীর নির্যাতনের করুণ বিবরণ উঠে এসেছে। সাহিত্যে অবদানের জন্য তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একুশে পদক, মাহবুবউল্লাহ ফাউন্ডেশন, মুক্তধারা সাহিত্য পুরস্কার, স্বাধীনতা পুরস্কার প্রভৃতি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শওকত ওসমান স্মৃতি পরিষদ আজ বিকাল ৫টায় জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন ভাষাসংগ্রামী রবীন্দ্র গবেষক আহমদ রফিক।