আওয়ামী লীগ নির্বাচনের আগের কথা রাখছে না :মির্জা ফখরুল

আপডেট : ১৩ মে ২০১৪, ২৩:০২
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কথা রাখেনি। নির্বাচনের আগে তারা বলেছিল- শুধু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার তাগিদে তারা দেশে নির্বাচন করবে। পরবর্তী সময়ে দ্রুত আলাপ-আলোচনার মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের উদ্যোগ তারা নেবে। কিন্তু এখন তারা বলছে অন্য কথা। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল খেলাফত মজলিসের বর্ধিত দায়িত্বশীল সভার সমাপনী অধিবেশনে মির্জা ফখরুল এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক। কল্যাণ পার্টির চেয়ারম্যান মে.জে (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের প্রমুখ। ফখরুল বলেন, ৫ জানুয়ারির পর থেকে দেশে এখন পর্যন্ত ৩১০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। ক’দিন আগে শীতলক্ষ্যা নদীতে ৩০টি লাশ ভেসে উঠেছে। এ লাশ কার, কে এদের নির্মমভাবে খুন করেছে। এই সরকারকে তার জবাব দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের ৭ খুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে র্যাবকে জনগণের জীবন রক্ষার জন্য, মানুষের শান্তি-শৃঙ্খলার জন্য, নিরাপত্তার জন্য আমরা সৃষ্টি করেছিলাম; তারা আজ টাকার বিনিময়ে মানুষের জীবন হরণ করছে। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে ঝিনাইদহ জেলাধীন কালীগঞ্জ পৌরসভার প্রাক্তন প্যানেল মেয়র ও কালীগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ইসমাইল হোসেনকে হত্যাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।