ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ওলমার্টের ছয় বছর কারাদণ্ড

আপডেট : ১৩ মে ২০১৪, ২৩:০৪
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলামার্টকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ঘুষ গ্রহনের মামলায় গতকাল মঙ্গলবার তাকে এই কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে প্রায় তিন লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়। এর মাধ্যমে এই প্রথম দেশটির সাবেক কোনো প্রধানমন্ত্রীর কারাদণ্ড হলো। খবর বিবিসির। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ওলমার্টের এই কারাদন্ড কার্যকর করতে বলা হয়েছে। এর মধ্যে তার আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন। ৬৮ বছর বয়সী ওলমার্ট জেরুজালেমের মেয়র থাকাকালের ঘুষ গ্রহনের অভিযোগে গত মার্চে অভিযুক্ত হন। তার সঙ্গে আরো দশ সরকারি কর্মকর্তা অভিযুক্ত হন। এদের মধ্যে ৬ জনকে তিন থেকে সাত বছরের কারাদণ্ড দেয় আদালত। তেলআবিবের আদালতের নথি থেকে জানা যায়, মেয়র থাকাকালে হলিল্যান্ড নামের ডেভেলপার কোম্পানি থেকে প্রায় দেড় লাখ মার্কিন এবং অপর একটি প্রকল্প থেকে ১৮ হাজার মার্কিন ডলার ঘুষ গ্রহন করেন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ওলমার্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ঘুষ গ্রহনের অভিযোগ উঠলে তিনি পদত্যাগ করেন।