ইরাকের রাজধানী বাগদাদে সিরিজ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বাগদাদের কেন্দ্রস্থল, উত্তর ও পশ্চিমের শহরে বিস্ফোরক ভর্তি আটটি গাড়ি দিয়ে এই হামলা চালানো হয়। খবর বিবিসির।
হযরত আলী (রা:) এর জন্মাবার্ষিকী সামনে রেখে শিয়া অধ্যুষিত এলাকায় এই বোমা হামলা চালানো হয়। গত ৩০ এপ্রিল পার্লামেন্ট নির্বাচনের পর এটাই সবচেয়ে বড় ধরনের হামলা। এ নিয়ে চলতি বছর বিভিন্ন হামলায় তিন হাজার লোক মৃত্যুবরণ করলো। মঙ্গলবার সকালে বাগদাদের উত্তর-পূর্ব সদর সিটিতে দুটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৬ জন নিহত এবং ১৩ জন আহত হয়। বালাদিয়াত নামের একটি স্থানে দুটি গাড়ি বোমা হামলায় ৩ জন এবং জামিলা নামের এলাকায় অপর এক হামলায় নিহত হয় আরো ৩ জন। উর, মামিল এবং কাররাদা জেলায় একই ধরনের হামলায় ৫ জন নিহত এবং ১১ জন আহত হয়। কোনো গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি। তবে সুন্নি সমর্থিত কোনো গোষ্ঠী হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
