দিল্লিতে ইউপিএ সরকারের মেয়াদ প্রায় শেষ। সর্বশেষ লোকসভা নির্বাচনও শেষ। এখন ফল প্রকাশ ও নতুন সরকারের দায়িত্ব নেয়ার পালা। সেই সরকারের প্রধানমন্ত্রীর জন্য আসন ছেড়ে দিচ্ছেন ভারতের বিদায়ী প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। একারণে সাউথ ব্লকে তার কার্যালয়ের কর্মচারি-কর্মকর্তারা তাকে গতকাল মঙ্গলবার এক বিদায় সংবর্ধনা প্রদান করে। সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে সম্মান জানান। মনমোহনও তাদের প্রশংসা করে বলেন, তারা যে অবদান রেখে চলেছেন দেশ তার জন্য কৃতজ্ঞ থাকবে।
মনমোহন দীর্ঘ এক দশক ধরে দেশের কর্ণধারের দায়িত্ব পালনের পর আগামী ১৭ মে পদত্যাগ করতে যাচ্ছেন। ১৬ মে লোকসভা নির্বাচনের ভোট গণনা ও ফল প্রকাশ করা হবে। গতকাল এ উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের শতাধিক স্টাফ মনমোহনকে বিদায় সংবর্ধনা জানাতে সাউথ ব্লকে সমবেত হন।
প্রধানমন্ত্রী অফিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, ‘স্টাফরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়েছেন। এ সময় তারা তাকে একটি ফুলের তোড়া উপহার দেন। সংবর্ধনার জবাবে মনমোহন বলেন, ‘আমি আপনাদের সবার প্রতি আপনাদের দেয়া সেবার জন্য কৃতজ্ঞ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।’ কর্মকর্তা জানান, সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ)’র দশ বছরব্যাপী শাসনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন এমন অনেক স্টাফকে এ সময় চোখ মুছতে দেখা যায়।
সংবর্ধনায় ড. মনমোহনের সঙ্গে আরো উপস্থিত ছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন, যুগ্ম সচিব পুলক চ্যাটার্জি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা টি কে এ নায়ার ও তার মিডিয়া অ্যাডভাইজার পঙ্কজ পাচৌরি এবং কয়েকজন টিভি ক্যামেরাম্যান ও নিউজ ফটোগ্রাফার ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
