বাঁশখালীতে ইসলামী আন্দোলন নেতার লাশ উদ্ধার

আপডেট : ১৩ মে ২০১৪, ২৩:০৫
বাঁশখালী উপজেলার বৈলছড়িতে গতকাল মঙ্গলবার সকালে হাফেজ মোহাম্মদ কায়সার (২৮) নামে এক ইসলামী আন্দোলন নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। কায়সার পূর্ব বৈলছড়িস্থ অভ্যারখীল দারুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার শিক্ষক, ইশা ছাত্র আন্দোলনের বৈলছড়ি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এবং স্থানীয় আল-ফোরকান সংস্থার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে স্থানীয় কয়েকজন প্রভাবশালী নিহতের পরিবার ও পুলিশকে ম্যানেজ করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, হাফেজ মোহাম্মদ কায়সারের সাথে গত উপজেলা নির্বাচন নিয়ে স্থানীয় কতিপয় রাজনৈতিক ক্যাডারের বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে আল-ফোরকান সংস্থার অর্থ লেনদেন নিয়ে বিরোধ আরো প্রকট হয়। গত সোমবার সকালে কায়সার সংগঠনের টাকা তুলতে চট্টগ্রাম যান। রাতে ফোন করে কায়সার ১ লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরছে জানিয়ে সেসময় গুনাগরীতে অবস্থানের কথা জানান। পরে রাতে কায়সার বাড়ি না ফিরলেও সকালে বাড়ির গোয়াল ঘরে তার লাশ পাওয়া যায়। এ সময় পকেটে টাকা না থাকলেও আমি অত্মহত্যা করেছি বলে একটি চিরকুট পাওয়া যায়। নিহতের ছোট ভাই মোহাম্মদ আনসার উল্লাহ জানান, আমার ভাইকে কে বা কারা হত্যা করে লাশ ফেলে রেখেছে। ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, কায়সার আত্মহত্যা করেছে। পরিবারের কেউ কারো বিরুদ্ধে অভিযোগ না করায় পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়েছে।