রাজধানীতে পৃথক ঘটনায় চার যুবকসহ ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত দুই দিনে এসব ঘটনা ঘটে।
খিলগাঁওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বশির মিয়া (২৮) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। নিহতের সহকর্মী ইউসুফ আলী জানান, গত সোমবার রাতে খিলগাঁও সিপাহীবাগ কবরস্থান রোডে ট্রাক ঘোরানোর সময় পিকআপ ভ্যানের ধাক্কায় বশির আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার তার মৃত্যু হয়।
খিলক্ষেতের কুড়িল ফ্লাইওভারের ঢালে বাসের ধাক্কায় ফজলে রাব্বি (২৪) নামে এক যুবক নিহত হন। খিলক্ষেত থানার এসআই জানান, তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভাটারার কালাচাঁদপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কবীর সিকদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। ভাটারা থানার এসআই জানান, নিহতের বাড়ি ভোলার সদর থানার হেকসা গজারিয়া গ্রাম। তিনি পরিবারের সঙ্গে কালাচাঁদপুরের এক বাড়িতে থাকতেন।
পূর্ব রামপুরায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বায়তুল আমান জামে মসজিদের নিচে একটি স্টেশনারি দোকানের ইলেকট্রিক বোর্ডে ওই যুবকের হাত লাগলে বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
রামপুরা এলাকা থেকে রুবেল মিয়া (২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রামপুরা থানার এসআই জানান, গতকাল বাগিচারটেকের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় রুবেলের মৃতদেহ উদ্ধার করা হয়। রুবেল মাদকাসক্ত ছিলেন। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে নিহতের বাবা পুলিশকে জানিয়েছে।
এদিকে, গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের ফুটপাত থেকে পাগলা বাবুল (৩৫) নামে এক ভবঘুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
