নূর হোসেনের লাশ ধলেশ্বরীতে ভেসে ওঠার গুজব

আপডেট : ১৩ মে ২০১৪, ২৩:০৭
ধলেশ্বরীতে নূর হোসেনের লাশ ভেসে উঠার খবর স্রেফ গুজব- সোমবার রাত সাড়ে ১১টায় জানিয়েছেন মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার। তিনি জানান, নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের প্রধান আসামি নূর হোসেন ওরফে হোসেন চেয়ারম্যানের লাশ ভেসে উঠার খবর বিকালে চারিদিকে ছড়িয়ে পড়ে। গুজবের ডালপালা এত বেশি যে কারা এই গুজব ছড়িয়েছে তাত্ক্ষণিক নিশ্চিত করা যায়নি। পরে পুলিশ ৩টি ট্রলার নিয়ে পুরো নদী চষে বেড়ায়। লাশ ভেসে উঠার কোন সত্যতা পাওয়া যায়নি। এদিকে সংবাদকর্মীরা শহরের ধলেশ্বরী তীরের লঞ্চঘাটে ছুটে যান। তারা স্থানীয় সূত্রসহ বিভিন্ন সোর্স থেকে খবরটি নিশ্চিত করার চেষ্টা করেন। কিন্তু সত্যতার লেশ মাত্র পাওয়া যায়নি। মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, লাশ ভেসে উঠার খবর লোকমুখে শুনে পুলিশ তল্লাশি চালায়। ধলেশ্বরী নদী ছাড়াও পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ সীমানার শীতলক্ষ্যা ও মেঘনা নদীতেও পুলিশ ট্রলার নিয়ে খোঁজ নেয়। এছাড়া ধলেশ্বরী নদীতে নৌ টহল জোরদার করা হয়েছে। ওসির ধারণা- নারায়ণগঞ্জ থেকে একটি চক্র নূর হোসেনের লাশ উদ্ধারের এই গুজব ছড়িয়েছে।