গল্প নয় সত্যি

হাত ছাড়াই টেবিল টেনিস!

আপডেট : ১৪ মে ২০১৪, ১৯:৪৭
ইচ্ছা শক্তি আর কঠোর অনুশীলন দিয়ে অসাধ্য সাধনের অনেক গল্পই হয়তো আমাদের জানা। তবে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা এ ধরনের অসংখ্য দৃষ্টান্তের মাঝেও নতুন করে অবাক হতে হয় মিশরের ইব্রাহিম হামাতোর অর্জনের গল্প শুনে। মাত্র দশ বছর বয়সে এক দূর্ঘটনায় নিজের দুই হাত সম্পূর্ণভাবে হারালেও মনোবল হারাননি ইব্রাহিম হামাতো। আর এই মনোবল থেকেই তিনি ধরে রেখেছিলেন তার প্রিয় খেলা টেবিল টেনিসকেও। যার ফল ইব্রাহিম পেয়েছেন দেশটির শীর্ষস্থানীয় টেবিল টেনিস খেলোয়াড়দের একজন হওয়ার মধ্য দিয়ে। গেল কিছুদিন ধরে মিশরের জাতীয় লিগে খেলা হামাতো মূলত মুখ দিয়ে টেবিল টেনিসের ব্যাট আকড়ে ধরেই তার খেলা চালিয়ে যান। এক্ষেত্রে সার্ভ করার সময় নিজের পা দিয়ে বল শূন্যে ছুঁড়ে তারপর টেবিল টেনিসের বলটিকে প্রতিপক্ষের কোর্টে পাঠান হামাতো। অন্যদিকে প্রতিপক্ষের কোনো খেলোয়াড়ের মারা বল ফেরানোর জন্য ইব্রাহিম হামাতো তার মাথার নড়চড়ার মাধ্যমে জোরে বা আস্তে ব্যাটটি নাড়ানোর মাধ্যমে খেলা চালিয়ে যান। ইব্রাহিমের জন্য তার এই সাফল্য যে শুধুমাত্র প্রতিবন্ধকতা জয় করাই নয় সেটি উঠে এসেছে সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমে আসা তার সাক্ষাত্কারে। ইব্রাহিম জানিয়েছেন তার জীবনে সবচেয়ে ভালো বিষয় হলেন তার সহধর্মীনি যিনি তার কাছে সবকিছু। অন্যদিকে তার জীবনের দ্বিতীয় অধ্যায়ের পুরোটা জুড়েই আছে টেবিল টেনিস। এখানে জয়-পরাজয় নয়, বরং খেলতে নেমে প্রতিটি পয়েন্ট অর্জনকেই উপভোগ করেন হামাতো। অন্যদিকে হামাতোর বিরূদ্ধে যারা খেলেন তাদের প্রায় প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে, খেলার মাঠে বহু ধরনের প্রতিপক্ষের সাথেই হয়তো খেলা হয়। কিন্তু খেলতে নামার আগেই প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের প্রতি অগাধ শ্রদ্ধা আর বিস্ময় নিয়ে খেলতে নামার সুযোগ খুব কমই হয়। তবে তারা ভাগ্যবান যে, ইব্রাহিম হামাতো নামের একজন দৃঢ় সংকল্প মানুষ তাদেরকে সেই অনুভূতির সঙ্গে পরিচিত হবার সুযোগ করে দিয়েছেন।