উজান গাঙের নাইয়া

নতুন চরিত্রের খোঁজে

আপডেট : ১৪ মে ২০১৪, ২০:০৪
প্রতিনিয়ত নানা রঙের মানুষ দেখে তাদের মাঝ থেকেই নিজের অভিনীত চরিত্রের বিভিন্ন উপাদান সংগ্রহ করেন নওশাবা। বেশিরভাগ সময়ই চেষ্টা তিনি চেষ্টা করেন নিজের চরিত্রগুলোকে একটু আলাদাভাবে উপস্থাপনের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তবে সবসময়ই যে নিজের চাওয়ার সাথে পাওয়ার মিল ঘটে তা নয়। কখনও কখনও স্বপ্নের সাথে বাস্তবতার অমিল তৈরি হয়। আর এই যে অতৃপ্তি—এটাই একজন অভিনয়শিল্পীকে আগামীতে আরও ভালো কাজ করতে প্রেরণা জোগায়। আমি অভিনেত্রী হিসেবে সবসময় অতৃপ্তিকে অন্তরে পুষে রাখি।’ বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হয়েছে নওশাবা অভিনীত ধারাবাহিক নাটক ‘উজান গাঙের নাইয়া’। গিয়াসউদ্দিন সেলিম ও বাশার জর্জিসের যৌথ পরিচালনায় এই ধারাবাহিকে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, স্পর্শিয়া, শ্যামল মওলা, শাহেদ আলী, মোমেনা চৌধুরী প্রমুখ। দুই ভাইয়ের সাথে বিয়ে হওয়া দুই বোন, জেসমিন আর আনিকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ নাটকের কাহিনী। গল্পে দেখা যাবে, একজন স্ত্রী এবং পুত্রবধূর ভূমিকায় থেকে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ক্রমাগত সংগ্রাম চালিয়ে যায় ষোলো বছরের আনিকা। আর তার এই কাহিনীর মধ্য দিয়েই বাল্য বিবাহ ও গর্ভকালীন সময়ের বিভিন্ন পরিস্থিতি উঠে এসেছে। নদীর পাড়ে অবস্থিত একটি গ্রামের পটভূমিতে নির্মিত এই নাটকে বেশ কিছু শক্তিশালী ও বাস্তবমুখী চরিত্রের মধ্য দিয়ে মূলত ফুটিয়ে তোলা হয়েছে সমাজে বিদ্যমান সাধারণ পরিবারগুলোর গল্পকেই। এই ধারাবাহিকে নিজের চরিত্র প্রসঙ্গে নওশাবা বলেন, ‘এতে আমার চরিত্রের নাম জেসমিন। এখানে আমি খুবই সহজ-সরল একটি মেয়ে। তাই নানাভাবে সবাই চেষ্টা করে আমাকে ঠকাতে। পরিবারের লোকজন চালাকি করে আমার সাথে। আমার বিপরীতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। বিয়ের পর তিনি আমাকে পছন্দ করেন না। এ নিয়ে শুরু হয় নানা জটিলতা। তবে আমি নরম মনের মেয়ে বলে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। সব মিলিয়ে আমার চরিত্রটি বেশ মজার। এখানে অভিনয়টা অনেক চ্যালেঞ্জিং। তবে অভিনয়টাকে উপভোগ করছি।’ বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত পারিবারিক বিনোদনমূলক এ ধারাবাহিক নাটকটি প্রচারিত হয় প্রতি রবিবার রাত ৮টা ৩০ মিনিটে এবং এটি পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার সকাল ৮টা ৩৫ মিনিটে।