নতুন মুখের ভিড়ে

আপডেট : ১৪ মে ২০১৪, ২০:০৬
বলিউডে জনপ্রিয় প্রতিষ্ঠিত নায়িকাদের পাশাপাশি নতুন মুখের সুন্দরী সম্ভাবনাময়ী নায়িকাদের পদচারণাও চোখে পড়ার মতো। বলিউডে ভাগ্য গড়ার স্বপ্ন নিয়ে আসছেন নতুন নতুন নায়িকারা। চলতি বছরে ইতোমধ্যে বলিউডে অভিষেক হয়েছে বেশ ক’জন নবাগতার। নানাভাবে তারা দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে চেষ্টা করেছেন। তাদের কেউ সফল হয়েছেন, আবার কেউ ততোটা সফল হতে পারেননি। আগামীতেও আরও বেশ ক’জন নতুন মুখের নায়িকাকে দেখা যাবে কয়েকটি ছবিতে। এই সময়ের আলোচিত নতুন নায়িকাদের কথা তুলে ধরেছেন রেজাউল করিম খোকন আগামী সপ্তাহে একসঙ্গে মুক্তি পাচ্ছে দুটি বলিউডি সিনেমা ‘হিরোপন্টি’ ও ‘দ্য এক্সপোজ’। মজার ব্যাপর হলো, দুটি ছবিরই নায়িকা নতুন মুখ। এর মধ্যে ‘হিরোপন্টি’ ছবিতে অভিষেক হচ্ছে মডেলিং থেকে আসা ২৩ বছর বয়সী গ্ল্যামারাস নতুন মুখ কৃতি সেননের। যদিও রুপালি পর্দায় কৃতির পদচারণা শুরু হয়েছে আরও আগেই। দক্ষিণী সিনেমায় অভিনয়ের মাধ্যমে এর মধ্যেই পার করেছেন কিছু সময়। ‘হিরোপন্টি’ ছবিতে প্রখ্যাত অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের বিপরীতে কৃতিকে দেখা যাবে। ৮০-এর দশকের সাড়া জাগানো হিট ছবি ‘হিরো’-এর রিমেক ‘হিরোপন্টি’ ছবিতে নতুন মুখ হিসেবে কৃতি সেনন চমক দেখাবেন ধারণা করছেন অনেকেই। ইতোমধ্যে নতুন এ ছবির নাচগানের দৃশ্যে তার চমত্কার সহজ সাবলীল পারফর্মেন্স দেখে দর্শক কৃতির ব্যাপারে বেশ উত্সাহী হয়ে উঠেছেন। একই সপ্তাহে মুক্তি পাবে ‘দ্য এক্সপোজ’ ছবিটি। এ ছবিতে দুই আলোচিত সংগীত তারকা কাম অভিনেতা হিমেশ রেশামিয়া ও ইয়ো ইয়ো হানি সিংয়ের বিপরীতে নায়িকা হিসেবে পর্দায় উপস্থিত হবেন নতুন নায়িকা জোয়া আফরোজ। বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাজয়ী জোয়া খুব ছোটবেলা থেকেই মডেলিংয়ের সঙ্গে সম্পৃক্ত। জনপ্রিয় শিশু মডেল হিসেবে একসময়ে ঘরে ঘরে তার আলাদা পরিচিতি ছিল। ‘দ্য এক্সপোজ’ ছবিতে দুর্দান্ত গ্ল্যামারাস এবং আবেদনময় ইমেজে পর্দায় আসছেন জোয়া। ইতোমধ্যেই তাকে নিয়ে বলিউডে বিশেষ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বছরের শুরুর দিকে রোমান্টিক ছবি ‘ইয়ারিয়ান’-এর মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হয়েছে রাকুল প্রীতি সিংয়ের। ২৩ বছর বয়সী রাকুল দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন এর আগে। বর্তমানেও ব্যস্ত রয়েছেন অনেকগুলো তেলেগু ছবির কাজে। গলফ খেলায় পারদর্শী রাকুল বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অনেকগুলো ক্যাটাগরিতে শিরোপা জয় করেছেন অভিনয়ে আসার আগেই। বলিউডে প্রথম ছবি ‘ইয়ারিয়ান’-এর মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন সুন্দরী আকর্ষণীয়া এই নতুন মুখ। ২৬ বছর বয়সী হাসলিন কাউরকে প্রথম নায়িকারূপে দেখা গেছে কয়েক মাস আগে মুক্তিপ্রাপ্ত ‘করলে পেয়ার করলে’ ছবিতে। মডেল হিসেবে খ্যাতি ও প্রতিষ্ঠা অর্জনের পর হাসলিন সিনেমায় পা রেখেছেন। ফেমিনা মিস ইন্ডিয়া থেকে মিস আর্থ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া এই সুন্দরী তরুণী ‘লাভ আজকাল’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর আরও কিছু বলিউডি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সেগুলোতে কাজ করা হয়নি তার। ‘করলে পেয়ার করলে’ ছবির মাধ্যমে তার অভিষেক হয়েছে বলিউডে। এলিট মডেল হিসেবে ক্যালেন্ডার এবং বিভিন্ন পণ্যের অ্যাডে মডেল হয়েছেন হাসলিন। এ বছর মুক্তিপ্রাপ্ত ‘জয় হো’ ছবিতে নায়ক সালমান খানের বিপরীতে দু’জন নতুন নায়িকাকে দেখা গেছে। তারা হলেন, ডেইজি শাহ ও সানা খান। দু’জনই মডেলিং করেছেন এবং দক্ষিণী তামিল তেলেগু ছবিতে কাজ করেছেন এর আগে। ডেইজি শাহকে যথেষ্ট গ্ল্যামারাস এবং পরিপক্ব মনে হয়েছে প্রথম অভিনীত হিন্দি ছবিতেই। সানা খানও দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন ‘জয় হো’ ছবিতে। মোনালি ঠাকুর গায়িকা হিসেবে বলিউডে বেশ নাম করলেও এ বছর ‘লক্ষ্মী’ ছবির পতিতা চরিত্রে তার অনবদ্য অভিনয় দর্শক-সমালোচকদের বিশেষ প্রশংসা অর্জন করেছে। নতুন মুখ আয়েশা খান্নাকে দেখা গেছে ‘ঢিশিকয়াও’ ছবিতে প্রধান নায়িকা হিসেবে। নতুন নায়িকা হিসেবে তাকে সম্ভাবনাময়ী মনে হয়েছে। সুভাষ ঘাইয়ের সাম্প্রতিক ছবি ‘কাঞ্চি’র নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হলো বাঙালি অভিনেত্রী ইন্দ্রানি চক্রবর্তী ওরফে মিষ্টির। ‘কাঞ্চি’ ছবিতে তার সপ্রতিভ উজ্জ্বল উপস্থিতি দর্শকদের আলোড়িত করেছে। ছবিতে অভিনয়ে আসার আগে কলকাতার একটি স্কুলে ইংরেজি পড়াতেন মিষ্টি। গত বছরে ‘সিক্সটিন’ ছবির মাধ্যমে বলিউডে পথচলা শুরু হয়েছিল ইসাবেলা লিলেটের। ২৩ বছর বয়সী সুন্দরী এই ব্রাজিলিয়ান মডেল কন্যাকে হালে আবার দেখা গেল রোমান্টিক ছবি ‘পুরানি জিন্স’-এ। এবার তিনি আগের তুলনায় বেশি নজর কেড়েছেন সব বয়সী দর্শকের। গত মাসে মুক্তিপ্রাপ্ত ‘আংরি ইয়াং ম্যান’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয়েছে প্রাচী সিনহার। প্রাচীর পারফর্মেন্সে মুগ্ধ হয়েছেন অনেক দর্শক। জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলার ভাগ্নি কিয়ারা আদভানি অভিনীত ‘ফাগলি’ ছবিটি মুক্তি পাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে। বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত এ ছবির গান ও নাচের দৃশ্যে কিয়ারার প্রাণবন্ত স্মার্ট উপস্থিতি দর্শকদের ইতোমধ্যেই কৌতূহলী করে তুলেছে তার ব্যাপারে। দীক্ষা শেঠ মডেলিং থেকে অভিনয়ে এসেছেন। এর মধ্যেই দক্ষিণী তেলেগু সিনেমায় তার পদচারণা শুরু হয়ে গেছে। বলিউডে দীক্ষার অভিষেক হবে ‘লেকার :হাম দিওয়ানা দিল’ ছবির মাধ্যমে। ফেমিনা মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতার একজন ফাইন্যালিস্ট দীক্ষা শেঠি বলিউডে তার প্রথম অভিনীত ছবিতে বাজিমাত করবেন ধারণা করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে মুক্তি পাবে ‘রাজা নটবরলাল’ ছবিটি। ছবিতে নায়ক ইমরান হাশমির বিপরীতে নায়িকা হয়ে আসছেন পাকিস্তানি টিভি ও সিনেমা অভিনেত্রী হুমাইমা মালিক। হিন্দি সিনেমায় হুমাইমার অভিষেক নিয়ে এর মধ্যেই আলোচনা শুরু হয়েছে বলিউডে।