র্যাম্পের মডেল হিসেবে মিডিয়ায় নাম লেখান মাহিয়ান চৌধুরী। সম্প্রতি এই তরুণী নাম লিখিয়েছেন চলচ্চিত্রের রঙিন ক্যানভাসে। কাজল কুমারের পরিচালনায় ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করছেন। তার বর্তমান ও ভবিষ্যত্ ভাবনার কথা জানাচ্ছেন খালেদ আহমেদ ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত
শখের
বশেই র্যাম্প মডেলিংয়ে নাম লিখিয়েছিলেন তিনি। তবে অল্প সময়েই মাহিয়ান নিজের মেধা ও যোগ্যতা দিয়ে র্যাম্পে নিজের স্বকীয় অবস্থান গড়তে সক্ষম হয়েছেন। সম্প্রতি তিনি দেশীয় চলচ্চিত্রের রঙিন ক্যানভাসে নাম লিখিয়েছেন। এফ এ ব্যানারের প্রযোজনায় কাজল কুমারের পরিচালনায় ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছেন। এই ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে আছেন জয় চৌধুরী। এফ এ ব্যানারের প্রযোজনায় আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এই ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত্, মিজু আহমেদ, ইলিয়াস কোবরা, শাঙ্কু পাঞ্জা, রেহানা জলি, রেবেকা, শাহীন প্রমুখ। এই চলচ্চিত্রে পাঁচটি হূদয়ছোঁয়া গান রয়েছে। গানগুলো লিখেছেন সুদীপ কুমার দীপ। আলী আকরাম শুভর মিউজিকে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, বেবি নাজনীন, এন্ড্রু কিশোর, এস আই টুটুল ও কণা। পারিবারিক গল্পের এই ছবিতে মাহিয়ান নাম ভূমিকায় অভিনয় করছেন। প্রথম চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে মাহিয়ান বলেন, ‘প্রথমে খুব ভয় লাগছিল। ভেবে পাচ্ছিলাম না কীভাবে অভিনয় শুরু করব। অনেকটা সাহস নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালাম। শুরু করার পর সব ধীরে ধীরে সহজ হতে লাগল। তবে প্রথম মুহূর্তটা আসলেই অনেক উত্তেজনাকর। অবশ্য ইউনিটের সবাই আমার কাজে সহযোগিতা করেছে। এ জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ করে পরিচালক কাজল ভাই আমাকে প্রতিটি শটের আগেই সুন্দর করে বুঝিয়েছেন। তার মতো গুণী মানুষের সহযোগিতার জন্যই আমি অভিনয় করতে পেরেছি।’ এই চলচ্চিত্রে গল্পটা শহরকেন্দ্রিক বাস্তববাদী পুরোটাই। পরিবারের নানা ঘটনা এরই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। নিজের চরিত্র প্রসঙ্গে মাহিয়ান বলেন, ‘এই চলচ্চিত্রের গল্প খুবই সুন্দর। ছবিতে মাহিয়ান খুব ব্যক্তিত্ব সম্পন্ন একটি মেয়ে। ছোটবেলায় তার বাবা-মা মারা যায়। সে খালার কাছে মানুষ হয়। বাহ্যিকভাবে তাকে রাগী দেখালেও সে আসলে খুবই নরম স্বভাবের একটি মানুষ। তবে সেটা সবার কাছে প্রকাশ করে না। ছবিতে জয় একজন আর্কিটেক্ট। সে ব্যবসায় লস খেলে আমি তাকে না জানিয়ে নানাভাবে সহযোগিতা করি। এক সময় তার সাথে আমার প্রেম হয়। সব মিলিয়ে আমার চরিত্রটি বেশ মজার। এ রকম চরিত্রে অভিনয় করে আমি আনন্দিত।’ এই ছবির শুটিং ও এডিটিংয়ের কাজ শেষ হয়েছে। বর্তমানে ডাবিংয়ের কাজ চলছে। স্বপ্নবাজ এই কন্যার জন্ম ফরিদপুরে। বেড়ে উঠেছেন ঢাকাতেই। বাবা-মা ও দুইবোন এক ভাইয়ের সংসারে সবার আদরের তিনি। বর্তমানে মাহিয়ান ডাক্তারি পড়ছেন। পড়াশোনা শেষ করে মানুষের সেবা করার ইচ্ছা তার। ভবিষ্যত্ ভাবনার কথা জানতে চাইলে মাহিয়ান বলেন, ‘আমি অভিনয়কে ভালোবাসি মনে প্রাণে। তাই অভিনয় নিয়েই সারাজীবন থাকতে চাই। সেইসাথে ভালো অভিনয় দিয়ে দর্শকদের হূদয়ের স্বপ্নকন্যা হতে চাই।’
