অবশেষে অভিমান ভাঙল বামবার সিনিয়র সদস্যদের। মাত্র ক’দিন আগেই তরুণ ব্যান্ড দলগুলোর আরও একটি সংগঠন ‘এসএমবি’ গড়ার খবর প্রকাশ হওয়ার পর অনেকেই শঙ্কায় ভুগছিলেন আবারও দলে ভাঙন নিয়ে। কিন্তু অবশেষে একটি সুখবর দিয়েই বাংলাদেশের প্রথম সারির ব্যান্ড এলআরবির সঙ্গে বামবার ভুল বুঝাবুঝির অবসান ঘটল। গত ১১ মে রাজধানীর একটি রেস্টুরেন্টে একসঙ্গে মিলিত হন এলআরবিসহ বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা)-এর সকল সদস্য।
এ বিষয়ে বামবা সভাপতি হামিন আহমেদ বলেন, ‘এলআরবি আমাদের গুরুত্বপূর্ণ সদস্য। কিছুদিন আগে বামবা থেকে তারা সদস্যপদ প্রত্যাহারের আবেদন করলেও সেই আবেদনে আমি স্বাক্ষর করিনি। আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি ছিল, তা আমরা গতকাল সামনাসামনি বসে সমাধান করেছি।’
তিনি আরও বলেন, ‘আগের ঝামেলার সব এখন অতীত। আমরা একসঙ্গে ছিলাম একসাথেই আছি।’
এ বিষয়ে আইয়ুব বাচ্চু বলেন, ‘আমাদের সবারই বয়স হয়েছে। হামিন ভাই, বাবু ভাই, টিপু—সবাই মিটিংয়ে যেতে আমাকে ফোন করেন। তাছাড়া আমি বামবার ফাউন্ডার সদস্য। সেই দায়িত্ব থেকে এবং সবকিছু মিলিয়ে বলতে চাই আমাদের নিজেদের মধ্যে ঘটে যাওয়া ভুল বুঝাবুঝির সমাধান আমরা করে ফেলেছি। আর ব্যান্ড মিউজিক শ্রোতাদের জন্য বলতে চাই, অল ইজ ওয়েল।’ উল্লেখ্য যে, টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বিসিবি আয়োজিত সেলিব্রেশন কনসার্টে অংশ নেওয়া ব্যান্ড এলআরবি ও মাইলসের মধ্যে কিছু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল।
