কিয়েভে গোলটেবিল বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান বিদ্রোহীদের

আপডেট : ১৪ মে ২০১৪, ২১:২৪
কিয়েভে অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা। এরই মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলের ডোনেস্কে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সাত ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। পূর্বাঞ্চলে সংকটের সমঝোতামূলক মীমাংসার প্রচেষ্টা হিসেবে গতকাল বুধবার কিয়েভ একটি গোলটেবিল বৈঠকের অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে অন্তর্বর্তী সরকার এবং আঞ্চলিক নেতাদের অন্তর্ভুক্ত করা হলেও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা এতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোঅপারেশন এন্ড রিজিওনালের (ওএসসিই) তৈরি করা একটি ‘রোডম্যাপের’ অংশ হিসেবে এই গোলটেবিল বৈঠকটির পরিকল্পনা করা হয়েছে। এদিকে, ইউক্রেনের ডোনেস্ক অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের এক চোরাগোপ্তা হামলায় সাত ইউক্রেনীয় সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার ডোনেস্কের ক্রামাতোর্স্ক শহরের কাছে ভারী অস্ত্রে সজ্জিত ৩০ জন বিচ্ছিন্নতাবাদী ইউক্রেনীয় সেনাদের একটি ইউনিটের ওপর হামলাটি চালায় বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এ সময় পাল্টা হামলায় এক বিচ্ছিন্নতাবাদীও নিহত হয় বলে জানা গেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দমন অভিযানে নামার পর কোনো একটি ঘটনায় এটিই ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ছত্রীসেনাদের বহনকারী একটি ট্যাংকে রকেট চালিত গ্রেনেড আঘাত করলে সেটি বিস্ফোরিত হয়। এরপর ঝোঁপের আড়ালে লুকিয়ে থাকা বিদ্রোহীদের সঙ্গে সেনাদের গোলাগুলি শুরু হলে আরো সেনা নিহত ও আহত হয়। উল্লেখ্য, সোমবার ডোনেস্কের স্বাধীনতা ঘোষণাকারী রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ঘোষণা করেছিল, ওই অঞ্চলে মোতায়েন সব ইউক্রেনীয় সেনাদের দখলদার বাহিনী হিসেবে বিবেচনা করা হবে। তাদেরকে দোনেস্ক থেকে চলে যাওয়ারও আহ্বান জানানো হয়। ইতিমধ্যে বিচ্ছিন্নতাবাদীদের এক নেতা ডেনিস পুশিলিন ডোনেস্ক অঞ্চলকে ‘নিজেদের অংশ’ করে নেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বানও জানিয়েছেন।