মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ফরাসি সাংবাদিক নিহত

আপডেট : ১৪ মে ২০১৪, ২১:২৫
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পেশাগত দায়িত্ব পালনকালে এক ফরাসি ফটো সাংবাদিক নিহত হয়েছেন। প্যারিস থেকে প্রেসিডেন্টের অফিসের কর্মকর্তারা এ কথা জানান। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ মঙ্গলবার এক বিবৃতিতে এ হত্যার কারণ উদঘাটন এবং এর সাথে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সার্বিক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন। বিবৃতিতে আরো বলা হয়, দেশের পশ্চিমাঞ্চলে বৌয়ার এলাকায় ফরাসি সেনাদের একটি টহল দল মিলিশিয়াদের চালিত একটি গাড়িতে তল্লাশি চালানোর সময় সাংবাদিক কামিলা লিপেজের মৃহদেহটি উদ্ধার করে। লিপেজ অফ্রিকা প্রজাতন্ত্রের সীমান্ত থেকে ফেরার সময়ে গোলাগুলির মধ্যে পড়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কামিল লিপেজ সাংবাদিকতা ছাড়াও ঐ দেশে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বেশ কয়েক মাস ধরে আফ্রিকান প্রজাতন্ত্রে অবস্থান করছিলেন।