জাপানে শিশুদের সংখ্যা দ্রুত কমছে
জাপানে শিশুদের সংখ্যা একটি রেকর্ড পর্যায়ে নেমে গেছে। অপরদিকে ৬৫ বছরের বেশি বয়সের প্রবীণদের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। অর্থাত্ জাপানের বাসিন্দারা একদিকে যেমন বেশিদিন বাঁচছেন, অন্যদিকে তাদের সংখ্যাও সেরকম কমছে। গত পয়লা এপ্রিলের পরিসংখ্যানে দেখা যায়, দেশটিতে ১৫ বছরের কমবয়সি ছেলে-মেয়েদের সংখ্যা ছিল এক কোটি ৬৩ লাখ ৩০ হাজার। যা কিনা এক বছর আগের তুলনায় এক লাখ ষাট হাজার কম। —এএফপি
দুর্নীতি মামলার শুনানি ইউটিউবে
দুর্নীতি দমনে স্বচ্ছতার নতুন নজির রাখতে চলেছে ইন্দোনেশিয়া। এবার আদালত থেকে দুর্নীতি বিরোধী মামলার শুনানির ভিডিও ইউটিউবে দেয়ার কথা ভাবছে দেশটি। ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন কমিশনের এক মুখপাত্র এ কথা জানান। দেশটির দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র জোহান বুডি জানান, মামলার শুনানির সময় অভিযুক্তরা জেরার মুখে যেসব কথা বলেন ঐসব ইউটিউবে শেয়ার করার কথা বিবেচনা করছে কমিশন। তিনি বলেন, স্বচ্ছতার স্বার্থে, অর্থাত্ জনগণকে জাকার্তার দুর্নীতি দমন আদালতে চলমান সব মামলার অগ্রগতি সম্পর্কে জানানোর জন্যই এ পদক্ষেপ নেয়ার কথা ভাবা হচ্ছে। —ডয়েচে ভেলে
চীনে বাসে অগ্নিকাণ্ডে নিহত ১
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী বাসে আগুন লেগে একজন নিহত হয়েছেন। আর এই আগুন লাগার ঘটনাটি নিহত ঐ ব্যক্তিই ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। চীনা কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা বলেছেন। সোমবার রাতে সিচুয়ান প্রদেশের ইবিন শহরে যাত্রীবাহী বাসটিতে আগুন ধরে যায়।—বিবিসি
