সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত জাকিরের গ্রামের বাড়িতে শোকের মাতম

আপডেট : ১৪ মে ২০১৪, ২১:৪৮
সৌদি আরবে রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশি শ্রমিকদের একজন মো. জাকির হোসেন (৪৮)। জাকিরের গ্রামের বাড়ি জেলার সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে। তিনি গ্রামের বক্সআলী মিয়াজী বাড়ির মৃত সাহাব উল্যার বড় ছেলে। মর্মান্তিক এ মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্থানীয় সাংবাদিকরা বুধবার সকালে তার বাড়িতে গিয়ে দেখেন গ্রামের বিভিন্ন বয়সের শোকার্ত নারী পুরুষের ভিড়। সাড়ে ৩ বছর আগে জাকির হোসেন একবার বাড়িতে এসেছিলেন। স্থানীয় ইউপি মেম্বার মো. রহমত উল্যাহ বলেন, নিহত জাকিরের স্ত্রী হাসিনা বেগম ২ মেয়ে নিয়ে পুরানো বাড়ির সামনে একটি ভাড়া বাসায় থাকেন। জাকিরের মা তৈয়ুবের নেছা (৬৫) পুরানো বাড়িতে স্বামীর রেখে যাওয়া ঘরে বসবাস করেন। গ্রামের লোকজন জানান, জাকিরের বড় মেয়ে নাসরিন আক্তার (১৬) স্থানীয় সেবারহাট শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ছোট মেয়ে নাইমা আক্তার (৯) সেবারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করে।