২৪-১২-২০১৩ তারিখে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত খবর থেকে জানা যায়, অর্থ মন্ত্রণালয় পেনশনভুক্ত (জিপিএফ) সরকারি চাকরিজীবীদের অবসরকালীন আনুতোষিক ১০ থেকে ১৫ বছর চাকরি ক্ষেত্রে বিদ্যমান ২৩০ টাকার স্থলে ২৬০ টাকা, ১৫ থেকে ২০ বছর চাকরির ক্ষেত্রে বিদ্যমান ২১৫ টাকার স্থলে ২৪৫ টাকা এবং ২০ বছরের বেশি চাকরির ক্ষেত্রে বিদ্যমান ২০০ টাকার স্থলে ২৩০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু ঐ প্রজ্ঞাপনে গ্রাচুয়িটিভুক্ত (সিপিএফ) সরকারি চাকরিজীবীদের গ্রাচুয়িটি বৃদ্ধি সম্পর্কে কিছু বলা হয়নি। ফলে গ্রাচুয়িটিভুক্ত সরকারি চাকরিজীবীরা বহু বছর আগে নির্ধারিত ‘প্রতিবছর চাকরির জন্য দুই মাসের মূল বেতন’ গ্রাচুয়িটি হিসাবে পাবেন। দেখা যাচ্ছে, এই সময়ে চাকরিতে যোগদান করে সিপিএফভুক্ত একজন কর্মকর্তা বা কর্মচারী জিপিএফভুক্ত একজন কর্মকর্তা বা কর্মচারীর চেয়ে গ্রেড ভেদে পনেরো লাখ টাকা পর্যন্ত কম পাবেন। একসঙ্গে চাকরিতে যোগদান করে সহকর্মীর চেয়ে এতগুলো টাকা কম পাওয়া খুবই বেদনাদায়ক। এ অবস্থায় মানবিক কারণে গ্রাচুয়িটির পরিমাণ ‘প্রতিবছর চাকরির জন্য তিন মাসের মূল বেতন’ নির্ধারণ করার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি। একই সঙ্গে জিপিএফভুক্তদের ন্যায় সিপিএফভুক্তদেরও অবসরে চিকিত্সাভাতা এবং উত্সব বোনাস প্রদানের অনুরোধ করছি।
ভাগবত কুমার সাহা,
ময়মনসিংহ
