সাত খুনে জড়িতদের শাস্তি দেয়া হোক :মায়া

আপডেট : ১৪ মে ২০১৪, ২৩:৩৩
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। গতকাল বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে ত্রাণমন্ত্রী সাংবাদিকদের বলেন, সাত খুনের ঘটনায় যেই জড়িত থাকুক আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক। প্রয়োজনে আমিও তদন্ত কাজে সহযোগিতা করব। নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে তদন্তের স্বার্থে আর কিছু বলেননি মায়া। এর আগে ত্রাণমন্ত্রী মায়া চৌধুরীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লা বিন নাসের আল বুসাইরি সৌজন্য সাক্ষাত্ করেন। বাংলাদেশকে ১৫০ টন খেজুর উপহারও দেন রাষ্ট্রদূত। এ সময়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আগামী রমজান মাসে খেজুরগুলো বিতরণ করা হবে।