নির্বাচনের পর বুথ ফেরত জরিপগুলোর ফলে বলা হচ্ছে, বিরোধীদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের লোকসভা নির্বাচনে সহজ জয় পেতে যাচ্ছে। এরপরই নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণসহ সরকারের মন্ত্রিসভার সম্ভাব্য নতুন কাঠামো নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠিত হলে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে ছোট মন্ত্রিসভা গঠিত হবে।
ইত্তেফাককে সূত্র জানায়, এবার জ্যেষ্ঠ মন্ত্রীদের অধীনে কনিষ্ঠ মন্ত্রী হিসেবে থাকবে টেকনোক্রাটরা। আর বিজেপি যদি সরকার গঠন করে মন্ত্রী সংখ্যাও কমিয়ে আনা হবে। মোদীর নেতৃত্বে সরকার গঠিত হলে কমপক্ষে ছয়টি মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, জম্মু ও কাশ্মির ডিভিশন এবং সেন্টার স্টেট রিলেশনের ক্ষেত্রে মনোযোগ এবং নতুন কাঠামো দেবে সরকার। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে ভালো সমন্বয়ের বিষয়টিও নিশ্চিত করা হবে। মোদী ইতিমধ্যে পরবর্তী সরকার গঠন ও দলীয় বিষয়ে আলোচনার জন্য একটি সভা আহবান করেছেন।
সূত্র জানায়, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর রঘুরাম রাজনকে তার পদ থেকে না সরানোর সিদ্ধান্ত হয়েছে। জ্যেষ্ঠ বিজেপি নেতা অরুন জেটলি অমৃসর থেকে হারলেও বিজেপির নতুন সরকারে তিনি হবেন অর্থমন্ত্রী। রাজনাথ সিং দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়ালে তিনি হতে পারেন নতুন সরকারের স্বরাষ্ট্র অথবা প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা সুষমা স্বরাজ পরবর্তী সরকারে উচ্চ পদ পেতে পারেন। রাজনাথ সিংয়ের সঙ্গে সমান্তরাল পদ তাকেও দেয়া হবে মন্ত্রিসভায়। রাজনাথ স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে সুষমা স্বরাজ পাবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় রয়েছেন বিজেপির সাবেক প্রধান নিতীন গড়করিও। সেক্ষেত্রে গড়করি প্রতিরক্ষায় গেলে সুষমা স্বরাজ হবেন পররাষ্ট্র মন্ত্রী।
দলের মুখপাত্র ও পরিচিত আইনজীবী রবি শংকর প্রসাদ হতে পারেন মোদী সরকারের আইনমন্ত্রী। অটল বিহারী বাজপেয়ির সময়কার মন্ত্রী সুরেশ প্রভু হতে পারেন পরবর্তী সরকারের জ্বালানি মন্ত্রী। বিজেপি ক্ষমতায় গেলে তারা নতুন আবকাঠামো মন্ত্রণালয় গঠন করতে পারে। ই শ্রিদহরণ হতে পারেন রেল প্রতিমন্ত্রী।
আর মন্ত্রিপরিষদ সচিব পদের দৌড়ে থাকতে পারেন আইএএস অফিসার সুতানু বেহুরিয়া। মোদীর সম্ভাব্য সরকারের অর্থ কমিশনের শীর্ষ পদেও রদবদল হতে পারে। বর্তমান মনমোহন সিং সরকারের মন্ত্রিসভায় ৭১ জন সদস্য রয়েছে। সে তুলনায় বিজেপি সরকার গঠন করলে তাদের মন্ত্রিসভা হবে আকারে ছোট।
