জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, গুটিকয়েক সদস্যের জন্য র্যাব বাহিনীকে বিলুপ্ত করা ঠিক হবে না। বরং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রয়োজনে র্যাব বাহিনীর আধুনিকায়ন করা যেতে পারে। কারণ র্যাব ইতোপূর্বে অনেক ভালো কাজ করার ফলে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ অভিমত দেন।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনাকে ‘দুঃখজনক’ ও ‘ন্যাক্কারজনক’ উল্লেখ করে রওশন বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবশ্যই নিতে হবে। অপরাধী যেই হোক, কারও প্রতি নমনীয় না হয়ে বিচার করতে হবে। এ অমানবিক ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান। একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে স্বাগত জানান বিরোধীদলীয় নেতা।
