চট্টগ্রামে দু’দিন ধরে স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ

আপডেট : ১৫ মে ২০১৪, ০০:০১
চট্টগ্রামে দু’দিন ধরে এক স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। তার নাম পলাশ ধর (৩৫)। গত সোমবার বিকাল ৪টায় নোয়াখালী যাওয়ার কথা বলে নগরীর চকবাজার এলাকার বাসা থেকে বের হন তিনি। রাত ১১টায় নোয়াখালীর চৌমুহনীতে পৌঁছে অপরিচিত একটি নাম্বার থেকে স্ত্রীর সাথে কথা বলেন। এসময় তিনি স্ত্রীকে জানান, তার মোবাইল ফোনটি হারিয়ে গেছে। এরপর গত দু’দিন ধরে তার সাথে পরিবারের যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় নগরীর চকবাজার থানায় জিডি করেছেন নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর ভাই শিমুল ধর। জানা গেছে, নগরীর চকবাজার ধনিয়ারপুল এলাকায় পলাশ ধরের একটি স্বর্ণের দোকান রয়েছে। তার বাসাও একই এলাকার নাসির কলোনিতে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক আহমেদ চৌধুরী গতকাল ইত্তেফাককে জানান, অসুস্থ মেয়ের জন্য নোয়াখালীর এক নামকরা কবিরাজের কাছ থেকে ওষুধ আনতে গত সোমবার বিকালে বাসা থেকে বের হন পলাশ ধর। মঙ্গলবার ফিরে আসার কথা থাকলেও গতকাল বুধবার পর্যন্ত তিনি ফিরে আসেননি। তিনি যেসব নাম্বার থেকে ফোন করেছিলেন সেগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে। গার্মেন্টস কর্মকর্তা নিখোঁজ চট্টগ্রামে সোহেল চৌধুরী (৩৩) নামে এক গার্মেন্টস কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকায় সিঅ্যান্ডএ নামে একটি গার্মেন্টসে প্রোডাকশন ম্যানেজার পদে চাকরি করেন। গত মঙ্গলবার তিনি ভাত খাওয়ার জন্য গার্মেন্টস থেকে বের হয়ে আর ফেরেননি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় তার ভাই রুবেল চৌধুরী চান্দগাঁও থানায় জিডি করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবদুর রউফ গতকাল ইত্তেফাককে জানান, সোহেল চৌধুরী অফিস থেকে বের হওয়ার সময় কয়েকজনের কাছ থেকে টাকা ধার করেছেন। তিনি অবিবাহিত। তার টাকা ধার করার কারণ জানা গেলে নিখোঁজ হওয়ার রহস্য অনেকটাই পরিষ্কার হবে।