বিনিয়োগ স্থবিরতার জন্য খালেদা জিয়াই দায়ী :অর্থমন্ত্রী

আপডেট : ১৫ মে ২০১৪, ০০:০২
দেশে বেসরকারি খাতে বিনিয়োগ স্থবিরতার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভুল নীতিকে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ছয়-সাত মাসের রাজনৈতিক সংকটে আমরা বেসরকারি খাতের বিনিয়োগ আকৃষ্ট করতে পারিনি। এ দায় খালেদা জিয়াকে নিতে হবে, তিনিই এককভাবে দায়ী। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে অর্থনীতি বিষয়ক প্রতিবেদকদের সংগঠন ‘ইআরএফ’ এর কর্মশালায় তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, এ মূহুুর্তে বিনিয়োগ অর্থনীতির বড় চ্যালেঞ্জ। বেসরকারি খাত নিরাপত্তাহীনতায় ভোগায় এ খাতে বিনিয়োগ আসছে না। এছাড়া বিনিয়োগ কমার জন্য বিদ্যুতের অভাবও কিছুটা দায়ী উল্লেখ করে তিনি বলেন, এই সমস্যা আগামী কয়েক বছরের মধ্যে কেটে যাবে। ইআরএফ সভাপতি সুলতান মোহাম্মদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন কাইমস, বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান প্রমুখ। দিনব্যাপী এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বিদ্যমান অর্থ পাচার আইনের দুর্বলতা তুলে ধরে তিনি বলেন, হলমার্কের প্রায় চার হাজার কোটি টাকার দুর্নীতি মামলার প্রধান আসামিদের জেল গেটে জিজ্ঞেস করা হয়- টাকা কোথায় পাঠিয়েছেন, কাকে দিয়েছেন? এ সংক্রান্ত আইন ও কাঠামো শক্তিশালী থাকলে আসামির কাছ থেকে এ ভাবে তথ্য জানার প্রয়োজন হতো না। এত আধুনিক যুগে এটি ঊনবিংশ শতাব্দীর পদ্ধতি। কর্মশালায় বক্তারা বাস্তবতা বিবেচনায় আসছে বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ হওয়াই যুক্তিসঙ্গত বলে মত দেন। একই সঙ্গে কর্পোরেট কর হার যুক্তিসঙ্গত উপায়ে কমানো এবং বাজেট বক্তৃতায় নেয়া পদক্ষেপের বাস্তবায়নে সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণের উপর জোর দেন। কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খান, ইংরেজী দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, দৈনিক প্রথম আলোর ‘হেড অব রিপোর্টিং’ শওকত হোসেন মাসুম প্রমুখ।