র্যাবের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিটি গঠন করুন

আপডেট : ১৫ মে ২০১৪, ০০:০৩
র্যাপিড একশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে বিগত কয়েক বছর ধরে চলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন ও অপহরণের অভিযোগ তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ (এইচআরডব্লিউ)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক খোলা চিঠিতে এই আহবান জানিয়েছে সংস্থাটি। গতকাল বুধবার এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এইচআরডব্লিউ’র এশীয় পরিচালক ব্রাড এডামস বিবৃতিতে বলেন, র্যাবের বিরুদ্ধে বিগত কয়েক বছর তদন্ত পরিচালনার আহবান প্রত্যাখ্যানের পর সরকার তার অবস্থান পরিবর্তন করেছে এবং নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডের পর দ্রুততম সময়ে পদক্ষেপ নিয়েছে। এ অবস্থানকে আমরা স্বাগত জানাই। এর মাধ্যমে র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়মুক্তির ধারা পরিবর্তিত হবে বলে আশা করি। প্রধানমন্ত্রীর অবশ্যই এখন আরও বিস্তৃত পরিসরে তদন্ত ও একটি স্বাধীন প্রক্রিয়া পরিচালনা করা উচিত, যাতে করে শুধু নারায়ণগঞ্জ নয়, সব ঘটনার জন্য জবাবদিহিতা নিশ্চিত করা যায়। বিবৃতিতে বলা হয়, এইচআরডব্লিউ বহু আগে থেকেই র্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের তথ্য সংগ্রহ করছে। দীর্ঘদিন ধরে সংস্থাটি বলে আসছে র্যাবকে বিলুপ্ত করা উচিত এবং এর পরিবর্তে অপরাধ ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একটি ্পূর্ণ জবাবদিহিমূলক আইন প্রয়োগকারী বাহিনী গঠন করা যেতে পারে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারে থাকাকালে র্যাব গঠন করেছিলেন। এখন তিনিও র্যাবকে ভেঙে দেয়ার দাবি জানাচ্ছেন। ব্রাড এডামস আরো বলেন, নিরাপত্তা বাহিনীসমূহের মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশের দীর্ঘদিনের জিরো-টলারেন্স নীতির প্রতিশ্রুতি পূরণের জন্য এটি ভালো সুযোগ। র্যাবকে ভেঙে দেয়া উচিত। কারণ গণতন্ত্রে ‘ডেথ স্কোয়াডের’ কোন স্থান নেই।