যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দু’একজনের অপকর্মের জন্য কোন বাহিনীকে কলংকিত করা যায় না। গতকাল সিলেট-কোমপানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক পরিদর্শনকালে ধলাই ব্রিজের ওপরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। র্যাব বিলুপ্তির বিষয়ে বেগম খালেদা জিয়ার দাবি প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, তিনি (খালেদা) ক্ষমতায় গেলে কি র্যাবকে দেয়া স্বাধীনতা পদক ফিরিয়ে নেবেন? বিএনপি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে এখন নানা ইস্যু সৃষ্টি করে অন্ধকারে ঢিল ছুঁড়তে চাইছে।
যোগাযোগ মন্ত্রী আরো বলেন, সিলেট-কোমপানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তা ক্যান্সারে আক্রান্ত। কয়েক দিনের মধ্যে রাস্তাটি অস্থায়ী ভিত্তিতে মেরামতের কাজ শুরু হবে বলে তিনি জানান।
মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ
সিলেট-কোমপানীগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে বুধবার দুপুরে কোমপানীগঞ্জে যোগাযোগমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ করে স্থানীয় জনতা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে রাস্তা থেকে সরে দাঁড়ান বিক্ষোভকারীরা। যোগাযোগমন্ত্রী সকালে বেহাল সিলেট-কোমপানীগঞ্জ সড়ক পরিদর্শনে যান। মন্ত্রী কোমপানীগঞ্জ আসছেন শুনে টুকেরবাজারে জড়ো হন স্থানীয় লোকজন। মন্ত্রীর গাড়ি পৌঁছার আগেই বিক্ষুব্ধ জনতা সেখানে অবস্থান নেয়। যোগাযোগমন্ত্রীর গাড়ি দেখেই লোকজন রাস্তায় নেমে এসে গাড়ি আটকান।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, যোগাযোগমন্ত্রী বলেছেন, র্যাবের তিন কর্মকর্তাকে গ্রেফতারে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন করা হবে। এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় সরকার উদাসীন নয়, নীরবও নয়। ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন শেষে মঙ্গলবার রাতে সড়ক ও জনপথের রেষ্ট হাউসে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
