অভিমানের খবর চলে গেছে হেমন্তের কানে
তড়িঘড়ি করে ইঁদুরের মুখে খড়কুটো গুঁজে
আমাদের মাঝে তাই তুলেছে
কুয়াশার প্রাচীর
এখন যতোই লাল নিশান উড়াও
ক্ষ্যাপাটে ষাঁড়ের মতো আর ছুটছি না
তবে যদি অভিমান শিশির হয়ে
ঝরে ঘাসবনে
আমার পায়ের ছাপ গুনে গুনে যদি আস ফিরে
কুয়াশার এ প্রাচীর স্বেচ্ছায় পিছু হটে যাবে
হেঁটে হেঁটে পথ হেঁটে অবশেষে পাবে আমায়
সেই চেনা রাস্তার ধারে
যতিচিহ্নের মতো পাতাঝরা গাছ হয়ে দাঁড়িয়ে আছি-
স্পর্শ করা মাত্র চলে আসবে বসন্ত
