অ্যালবাম করার চিন্তা ছেড়ে সিঙ্গেলস প্রকাশের প্রতি মনোনিবেশ করছেন তাহসান, যেরকমটা অনেকদিন থেকেই পাশ্চাত্যের শিল্পীরা করে আসছেন। একটা একটা করে গান রেকর্ড করে ছেড়ে দেবেন ইউটিউবে। তবে আপাত দৃষ্টিতে বিনামূল্যে মনে হলেও তাহসানের এই গান থেকে রেভিন্যু আসবে অন্যভাবে। ডিজিটাল সাবস্ক্রাইবার আর ভিউ চলে আসবে, তখন হয়তো কোনো না কোনোভাবে ইউটিউবের কাছ থেকে পৃষ্ঠপোষকতাও চলে আসবে। এ রকম চিন্তা থেকেই তাহসান ইউটিউবে আপলোড করেছেন ‘আদর’ শিরোনামের একটি নতুন গান। তাহসানিয়ান ধারার নতুন এই গানটি হেডফোন কানে লাগিয়ে ঘর অন্ধকার করে শুনতে ভালো লাগবে বলেই জানান তাহসান।
বাংলা গানের সুদিন ফিরিয়ে আনাটাই এখন তার মূল লক্ষ্য। সমালোচনা বাদ দিয়ে কিছু করে দেখানোর দায়বদ্ধতা নিয়ে তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক আগে থেকেই শিল্পীদের মৌলিক গানের সিডির বাজার পাইরেসির কাছে হার মানে। তখন আসলে ওদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডের কারণেই গীতিকার, সুরকার, গায়ক, বাদ্যযন্ত্রী সবাই মাথাগোঁজার একটা ঠাঁই পায়।’
