বাংলাদেশ বেতারের পরিচালক ও সংগীতশিল্পী কামাল আহমেদ। ২৫শে বৈশাখ রবীন্দ্রজয়ন্তীতে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে তার সপ্তম একক অ্যালবাম ‘বেঁধেছি আমার প্রাণ’। মোট দশটি গান নিয়ে সাজানো হয়েছে তার সপ্তম এই একক অ্যালবামটি। অ্যালাবামের গানগুলোতে রয়েছে বৈচিত্র্য। বিভিন্ন মুহূর্তকে মাথায় রেখে অ্যালবামের গান নির্বাচন করা হয়েছে। রবীন্দ্রসংগীতের প্রতি আসক্তি বেশি হলেও মাঝে-মধ্যে অন্যসব গানেও গান তিনি। এ প্রসঙ্গে কামাল বলেন, ‘আমি মনে করি, যেকোনো কাজের ভালো ফলের জন্য দরকার ভালোবাসা। ভালোবাসার শক্তি দিয়ে সফলতাকে পাওয়া সম্ভব। রবীন্দ্রসংগীত আমার ভালোবাসার সারির শীর্ষে। তাছাড়া আমি গান ভালোবাসি। সেই জায়গা থেকেই গান বাঁধি।’
কামাল আহমেদ এখন কয়েকটি অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আধুনিক ও দেশের গান নিয়ে একটি মৌলিক গানের অ্যালাবামের কাজ করছেন। তাছাড়া দুই বছর আগে কিশোর কুমার ও হেমন্ত মুখোপাধ্যায়ের হারানো দিনের গান করেছিলেন। সেই গানগুলো শীঘ্রই প্রকাশ করবেন তিনি। এই মুহূর্তে অ্যারেঞ্জমেন্ট চলছে।
