ভেনিজুয়েলায় শিক্ষার্থী-পুলিশ ব্যাপক সংঘর্ষ, গ্রেফতার ৮০

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:২৭
ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীতে মন্ত্রণালয়ের একটি ভবনে ইট-পাটকেল ও আঁতশবাজি নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করলে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় পুলিশ প্রায় ৮০ জনকে গ্রেফতার করে। সামপ্রতিক সময়ে গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের মুক্তির দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে কারাকাসের পূর্বাঞ্চলে সমবেত হয়। এ সময় তারা পর্যটন মন্ত্রণালয় লক্ষ্য করে হামলা চালালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে হস্তক্ষেপ করলে সমাবেশটি দ্রুত সহিংস হয়ে উঠে। স্থানীয় বেসরকারি সংস্থা ফোরো পেনাল এ সংঘর্ষের ঘটনায় ১০৫ জন গ্রেফতার হওয়ার কথা জানায়। এদের মধ্যে অনেক কিশোর রয়েছে। তবে পুলিশ তাত্ক্ষণিকভাবে ১০৫ জন গ্রেফতার হওয়ার খবর নিশ্চিত করতে পারেনি। গত সপ্তাহে কারাকাসে বিক্ষোভকারীদের শিবিরে অভিযান চালিয়ে পুলিশ দুই শতাধিক লোককে গ্রেফতার করে। তবে পরে এদের অধিকাংশকে ছেড়ে দেয়া হয়।